ইসি গঠনে সংসদকে রাখতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে ওয়ার্কার্স পার্টি
ইসি নিয়োগে রাষ্ট্রপতির কাছে যে দশজনের নাম সার্চ কমিটি দেবে, তা প্রকাশের পাশাপাশি এ প্রক্রিয়ায় আইনসভার সংশ্লিষ্টতা রাখার অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে ওয়ার্কার্স পার্টি।
রোববার দলের পক্ষ থেকে বঙ্গভবনে এই চিঠি পৌঁছে দেন পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান এবং দপ্তর সহকারী ফাহাদ বিন হাসান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি আগেই জানিয়েছিল, সার্চ কমিটির দেওয়া নাম প্রকাশের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দেবে তারা।
রোববার সেই চিঠি পৌঁছে দিয়ে কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা স্বাক্ষরিত ওই চিঠি বঙ্গভবনে পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন কর্মকর্তা চিঠি গ্রহণ করেছেন।
“স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকায় আমরা সরাসরি চিঠি পৌঁছে দিতে পারিনি। তাছাড়া সময়ও কম। সেজন্য বঙ্গভবনে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।”
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ গত ২৭ জানুয়ারি সংসদে পাস হওয়ার পর সে আইনের আলোকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয় ৫ ফেব্রুয়ারি।
শনিবার দুই ধাপে আমন্ত্রিত শিক্ষক, আইনজীবী, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, ব্যবসায়ী ও অধিকার কর্মীদের নিয়ে বৈঠক করে সার্চ কমিটি। রোববার দ্বিতীয় দফায় ২৩ জনের বৈঠক করবে তারা।
আইন অনুযায়ী ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্ত করার জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানের জন্য যোগ্য সিইসি ও নির্বাচন কমিশনারদের খোঁজে আইন অনুযায়ী তারা কাজ করছেন।
শুক্রবার প্রস্তাবিত নাম জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে তিন শতাধিক ব্যক্তির নাম জমা পড়ে সার্চ কমিটিতে। নিবন্ধিত দুই ডজন রাজনৈতিক দলের পাশাপাশি ছয় পেশাজীবী সংগঠন এসব নাম প্রস্তাব করেছে।
সবার সঙ্গে আলোচনা শেষে আইন অনুযায়ী যোগ্য বিবেচিতদের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। সেই ইসির ওপরই থাকবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ পূর্ণ হচ্ছে সোমবার। সার্চ কমিটির হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও নতুন ইসি কবে নাগাদ নিয়োগ হচ্ছে তা সার্চ কমিটির সুপারিশের উপর নির্ভর করছে।
নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপের ফলাফল হিসাবে সংসদের বর্ষশুরুর অধিবেশনে বিল উত্থাপন ও আইন পাস হওয়ায় রাষ্ট্রপ্রধানকে অভিনন্দন জানানো হয়েছে ওয়ার্কাস পার্টির চিঠিতে।
সেখানে বলা হয়েছে, সেই সংলাপে সকল রাজনৈতিক দলই ওই আইন প্রণয়নের কথা বলেছিল, তিনিও তেমনি এই আইন প্রণয়নের জরুরি প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।
ওয়ার্কার্স পার্টি বলছে, অনুসন্ধান কমিটির দেওয়া নামের তালিকা প্রকাশে আইনে কোনো বাধা নাই। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নামগুলো যাচাই-বাছাই করার জন্য জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটিতে, যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ অন্য দলের সদস্যরা আছেন, সেখানে পাঠাতে পারেন।
“এর ফলে এক দিকে যেমন জনগণ বিষয়টি অবহিত হতে পারবে, কার্যউপদেষ্টা কমিটিতে পাঠানো হলে জাতীয় সংসদের সংশ্লিষ্টতাও হবে।”
ওদীর্ঘদিনের পার্লামেন্টারিয়ান, স্পিকার ও রাষ্ট্রপতি হিসাবে আবদুল হামিদের অভিজ্ঞতার ওপর ওয়ার্কার্স পার্টির ‘দৃঢ় আস্থা’ থাকার কথা বলা হয়েছে ওয়ার্কাস পার্টির চিঠিতে।
রাষ্ট্রপ্রধান যে নির্বাচন কমিশন নিয়োগ দেবেন, তা জনগণের আস্থাভাজন হবে ও তারা ভবিষ্যতে দেশবাসীকে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবেন বলেও সেখানে আশা প্রকাশ করা হয়েছে।
