এতদিন কোথায় ছিলেন: হাছান
নির্বাচনের আগে বিএনপি নেতাদের ‘উঁকিঝুঁকি দিতে’ দেখা যাচ্ছে মন্তব্য করে তারা এতদিন কোথায় ছিলেন, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
“এতদিন গ্রাম-গ্রামান্তরে তাদের কোনো খবর ছিল না, নির্বাচনের উদ্দেশে এখন বিএনপি নেতাকর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে, তারা আবার মানুষের কাছে আসার চেষ্টা করছে।
“তাদেরকে প্রশ্ন রাখতে হবে, যখন বন্যা হয়েছিল, আপনারা তখন কোথায় ছিলেন, করোনাকালে একমুঠো চাল নিয়ে কেন মানুষের কাছে আসেননি?”
মহামারীতে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছে, কয়েক হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন।
“আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের মধ্যে উপদেষ্টামণ্ডলীসহ পাঁচজন সদস্য মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের বহু এমপি মৃত্যুবরণ করেছেন।
“করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন, আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করছেন, এমন ঘটনা বহুজনের ক্ষেত্রে ঘটেছে।”
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এই করোনাকালে রাঙ্গুনিয়াসহ সারাদেশে আমাদের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়েছে, সেই ধান আবার মাথায় তুলে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে।
“কিন্তু অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে, আমরা যেই কাজগুলো করেছি, সেই কাজে ভুল ধরার জন্য এখন তাদেরকে উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে।
“তাই আমি জনগণ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুরোধ জানাব, তাদেরকে প্রশ্ন রাখার জন্য- এতদিন তারা কোথায় ছিলেন?”
দেশবিরোধী নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, “দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী নানা ষড়যন্ত্র হচ্ছে। আজকে যখন দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, তখন দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে।
“বিএনপির পক্ষ থেকে বিএনপির প্যাডে তাদের মহাসচিব নিজের স্বাক্ষরে দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে চিঠি লিখছেন- দেশকে যেন সাহায্য দেওয়া না হয়, দেশের রপ্তানি বাণিজ্য যেন বাধাগ্রস্ত হয়।”
