ফের জনগণের পকেট কাটার ফন্দি: রিজভী
সরকার ‘জনগণের পকেট থেকে অর্থ আদায় করতেই’ ওয়াসার পানির দাম বৃদ্ধির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “পানি হচ্ছে জীবনের অপর নাম। অবৈধ সরকার রাষ্ট্রীয় সম্পদ হরিলুট করার পর এখন কীভাবে টাকাটা আদায় করবে- এজন্য মানুষের নিত্যপ্রয়োজনীয় যে পানি, জীবন ধারণের অন্যতম উপাদান পানি, তার দাম বৃদ্ধির প্রস্তাব করছে।”
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বুধবার সাংবাদিকদের বলেছেন, বর্তমানে এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা তা আবাসিক গ্রাহকের কাছে বিক্রি করা হয় ১৫ টাকা ১৮ পয়সায়। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এই দাম ৪২ টাকা। ভর্তুকির পরিমাণ কমাতে পানির দাম অন্তত ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছেন তারা।
২০১৭ সাল থেকে প্রতিবছরই পানির দাম বৃদ্ধি করেছে ওয়াসা। সর্বশেষ গত বছরের শুরুতে ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল।
রিজভীর ভাষায়, “দেশকে দরিদ্র, দুর্নীতিগ্রস্ত ও তীব্র অসাম্যের মধ্যে নিক্ষেপ করে এরা (সরকার) জনগণকে ভাতে ও পানিতে মারার সকল বন্দোবস্ত সম্পন্ন করেছে।
“আমি ওয়াসা কর্তৃক পানি দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এরকম অমানবিক প্রস্তাব থেকে তাদেরকে সরে আসার আহ্বান জানাচ্ছি।”
‘গুম’ নিয়ে মন্ত্রীদের বক্তব্য প্রসঙ্গে
রিজভী বলেন, “গত ৫ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের কোনো একটি প্রতিষ্ঠান আমাদের একটা তালিকা দিয়েছিল। পরে দেখা গেল, ভূ-মধ্যসাগরে অনেক লোকের সলিল সমাধি হয়েছে…। আর একইদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানে গুম হচ্ছে সেখানে আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি…।
“গুম হওয়া ব্যক্তিদের নিয়ে দুই মন্ত্রীর এই ধরনের উপহাস খুবই নিষ্ঠুর, অশালীন ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। বিরোধী শক্তিকে দমন করতে অবৈধ সরকারের গুম, খুন, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়নের কথা আজকে বিশ্ব দরবারে প্রমাণিত। তাই ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মন্ত্রীরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এসব অবিবেচনাপ্রসূত, ঘৃণ্য বক্তব্য দিচ্ছেন।”
বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জে পৌরসভার সাবেক মেয়র জিকে গউসসহ কারাবন্দি ৪০ নেতা-কর্মীকে আরও একটি ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রিজভী।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। তাতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
