এলপিজির দাম না কমালে আন্দোলন: বিএনপি
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
তা না হলে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জ্বালানি তেল, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসহ ভোগান্তি তৈরি করেছে।
“বিএনপি মনে করে, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ঠ ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে।”
এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে ফখরুল বলেন, “অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।”
কূটনীতিকদের ‘দলীয়করণ’
ফখরুল বলেন, “মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ।
“অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তাদের সকল অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আড়াল করার জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।”
বান্দরবানে গোলাগুলিতে সেনা সদস্যসহ তিনজনের মৃত্যতে উদ্বেগ প্রকাশ করেন ফখরুল।
ডিজিটালের দাবি ‘অসার’
মোবাইল ইন্টারনেটের ধীর গতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “স্থায়ী কমিটির সভায় স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্স এ ২০২১ সালের প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির ক্ষেত্রে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম হওয়ায় চরম হতাশা প্রকাশ করা হয়।
“সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দাবি যে কতটা অসার তা প্রমাণিত হয় এই তথ্যের মাধ্যমে। বাগাড়াম্বর ও দুর্নীতির জন্যই সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে জনগনকে মোবাইল ইন্টারনেটের গতি বাড়ানোর সেবা প্রদান করতে।”
দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করেন ফখরুল।
