আইনে ইসির ক্ষমতার কথাও বলতে হবে: জাপা
নির্বাচন কমিশন গঠনে আইন হলেও তাতে ইসির ক্ষমতা নিয়ে কিছু বলা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।
দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তার দল শক্তিশালী নির্বাচন কমিশন চায়। কিন্তু নির্বাচন কমিশন আইনে নির্বাচনী সরকারের সময় ইসির ক্ষমতার বিষয়ে কিছু বলা নেই।
সংবিধানের বিধান অনুযায়ী ইসি গঠনে আইন প্রণয়নের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। আইন না থাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় থেকে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন শুরু হয়, যা অনুসরণ করেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এবার সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের মধ্যেই আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি, যা গত ২৭ জানুয়ারি সংসদে পাস হয়। সেই বিলে রাষ্ট্রপতি সই করার পর ৩০ জানুয়ারি তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
সোমবার বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে জাপা ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ সভায় কাদের
বলেন, “জাতীয় পার্টি সবসময় অবাধ, নিরপেক্ষ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। তবে নির্বাচনের সময়ে কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না, যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে নেই।”
জাতীয় পার্টির চেয়ারম্যান জানিয়েছেন, সার্চ কমিটির চিঠি পেলেই দলের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে তার দল নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে।
সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, “দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ শুরু হয়েছে।
“রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই। এতে রাজনীতি ও নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ।”
শোষণ থেকে মানুষকে মুক্তি দিতে রাজনীতিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে কাদের বলেন, “উপনিবেশিক ব্যবস্থার ন্যায় আমলা নির্ভর প্রশাসনের মাধ্যমে দেশ চলছে, জবাবদিহিতা নেই কোথাও। এই ব্যবস্থায় সেবার পরিবর্তে শোষণের শিকার হয় মানুষ। দেশের মানুষকে এমন বাস্তবতা থেকে মুক্তি দিতে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে।”
জাপা কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, সভাপতিমণ্ডলীর সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।
