২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীমাংসিত বিষয়ে আলোচনার সুযোগ নেই: কাদের

সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 08:21 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অর্থহীন’ মন্তব্য করে তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকারের ‘মীমাংসিত’ বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।

রোববার বিকালে আওয়ামী লীগের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে ওবায়দুল কাদেরের এ মন্তব্য আসে।

তিনি বলেন, “ইতোমধ্যে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এই অনুসদ্ধান কমিটির সুপারিশকৃত তালিকা থেকে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ মহান জাতীয় সংসদে পাস হয়।

“স্বাধীনতার পর এবারই প্রথম সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হবে। অনুসন্ধান কমিটির সদস্যদের আইনি কাঠামোর মধ্যে থেকে নির্মোহভাবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে।”

সার্চ কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শনিবার বলেন, “এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। এর কোনো মূল্যই নেই। আমরা মনে করি, অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন-সবই সরকারের অধীন। এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।”

এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনগত বিষয়টি তোয়াক্কা না করে সার্চ কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থহীন বলে মন্তব্য করেছে। যারা এদেশে হত্যা-ক্যু-ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের অপরাজনীতির জন্ম দিয়েছিল, তাদের প্রতিনিধি হিসেবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিরাচরিতভাবে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছে।

“বাংলাদেশের জনগণ কোনো গোষ্ঠীর স্বেচ্ছাচারী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে বরদাস্ত করে না- কোনো ষড়যন্ত্রকারীর রক্তচক্ষু ও ত্রাসের কাছে মাথা নত করে না। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণতান্ত্রিক সংস্কৃতি ও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বুটের তলায় পিষ্ট করে কারফিউ মার্কা গণতন্ত্র চাপিয়ে দিয়ে জাতির সাথে তামাশা করেছিল। একই সাথে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির পদ দখল করে সংবিধান ও আইনকে ভূ-লণ্ঠিত করেছিল। তারই পদাঙ্ক অনুসরণ করে সে অপরাজনীতির ঐতিহ্য বহন করে বিএনপি।”

নির্বাচনকালীন সরকার নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমরা আগেও বলেছি, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাংসিত ইস্যু। এটি নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।

“দেশের জনগণ, সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থা উপর বিএনপি কোনো আস্থা নেই বলেই তারা বার বার অসাংবিধানিক পন্থার কথা বলে আসছে। তারা বিদেশি প্রভুদের তুষ্ট করার মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর। তাই দেশের জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।”