২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স ‘হরিলুট’ হচ্ছে: জি এম কাদের

নির্দিষ্ট সময়ে সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলোর কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স উন্নয়নের নামে ‘হরিলুট’ হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 07:07 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

শুক্রবার বিকালে পুরান ঢাকার লালবাগের আমলীগোলা মাঠে এক অনুষ্ঠানে সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, “দ্রুতই বেড়ে যাচ্ছে বেকার সমস্যা। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র, দুর্গম বনজঙ্গল, মরুভূমি পাড়ি দিয়ে জীবিকার প্রয়োজনে দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে মানুষ।

“কিন্তু দেশে বেকার সমস্যা সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে যে রেমিটেন্স তারা দেশে পাঠাচ্ছে, উন্নয়নের নামে তা লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে।”

হাজী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে লালবাগে এসেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, উন্নয়নের মেগা প্রজেক্ট চলছে, কিন্তু শেষ হচ্ছে না। কবে শেষ হবে তাও কেউ জানে না।

“নির্দিষ্ট সময়ে কোনো প্রজেক্ট শেষ হচ্ছে না। ফলে ক্রমেই ব্যয় বেড়ে চলছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় কোনো ঠিকাদার শাস্তি বা জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে না। অথচ প্রজেক্ট ব্যয় বাড়ার কারণে গরিব মেহনতি মানুষের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স হরিলুট হচ্ছে।

“আবার দেশের ব্যবসায়ীদের অর্জিত টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের বড় বড় ব্যবসায়ীদের বিদেশে বাড়ি হচ্ছে, তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করছে। এখন তো আর ব্রিটিশ বা পাকিস্তানিরা দেশের টাকা নিয়ে যাচ্ছে না। তাহলে দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে কে?”

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।