বিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক: তথ্যমন্ত্রী
দলীয় প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির নেতারা ‘রাজনীতি করছে’ বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্ম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়, বিএনপি চায় বেগম জিয়া সবসময় অসুস্থ থাকুক। তাহলে উনারা সবসময় বলতে পারবেন, তাকে বিদেশ পাঠাতে হবে।
“অবশ্যই বেগম জিয়া সুস্থ থাকুক এবং দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান, সেটিই আমি কামনা করি। তবে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি অনভিপ্রেত।"
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে রোববার বনানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে দেড় বছর ধরে মুক্ত থাকার মধ্যে এখন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি তুলেছে বিএনপি; তার ভাই সরকারের কাছে আবেদনও করেছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন আইনিভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই।
হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসা হচ্ছে। বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও হয়েছে। বেগম জিয়াকে তার হাঁটুর ব্যথার জন্য কিম্বা পেটের অসুবিধার জন্য কেন বিদেশ পাঠাতে হবে।
“কথায় কথায় তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, না কি বেগম জিয়া পালাতে চাচ্ছেন, সেটিই হচ্ছে প্রশ্ন।”
বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বেগম জিয়াকে বিদেশ নেওয়ার জন্য নয়া পল্টনে তাদের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন জায়গায় গণঅনশন করা হয়েছে। নয়া পল্টনের কার্যালয়ের সামনে দোকানপাট থেকে খবর যেটি জানা যাচ্ছে, গণঅনশনের সময় সেখানে খাবারের দোকানগুলোতে ভালো বেচা-বিক্রি হয়েছে।
“সেখানে অনেক রাজনৈতিক নেতা বক্তব্য রেখেছেন যাদেরকে মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মনে করে। যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছেন, তারা সেখানে গিয়ে অনেকেই তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছেন।”
