২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ-বিএনপি ‘অচল মুদ্রার এপিঠ-ওপিঠ’: জিএম কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং এক সময় বিএনপির চার দলীয় জোটে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেছেন, দুটি দলই ‘অচল মুদ্রার এপিঠ-ওপিঠ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2021, 06:42 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

শনিবার জাপার প্রেসিডিয়াম সভায় তিনি এ মন্তব্য করেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, “দেশের মানুষ সরকার পরিবর্তনের বদলে রাজনীতির পরিবর্তন চায়। তাই সরকার পরিবর্তনের আন্দোলনে দেশের মানুষ অংশ নিচ্ছে না।

“সাধারণ মানুষ জানে, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও দুঃশাসন আরও বেড়ে যাবে। কারণ, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি হচ্ছে অচল মুদ্রার এপিঠ-ওপিঠ।”

তিনি মনে করেন, দেশের মানুষ তার দলের দিকে ‘তাকিয়ে আছে’।

এক সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী কাদের বলেন, “দেশ পরিচালনায় আওয়ামী লীগ এতটাই ব্যস্ত যে রাজনীতির মাঠে তারা নেই বললেই চলে। আবার বিএনপি ইতোমধ্যেই অনেক দুর্বল হয়ে পড়েছে। কিন্তু রাজনীতির মাঠে জাতীয় পার্টি অনেক সোচ্চার, সক্রিয় আছে।

“প্রতিকূল পরিবেশের মধ্যেও জাতীয় পার্টি সংগঠনকে শক্তিশালী করতেই নির্বাচনের মাঠে আছে। আমরা নির্বাচনে জয়ী হতেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি। প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছাকাছি থাকছে।”

প্রেসিডিয়াম সভায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি জাতীয় পার্টির হাত ধরেই এগিয়ে যাবে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কেউ কিছু করতে পারবে না।

“খুব অল্প সময় আছে, তাই দ্রুততার সঙ্গে তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন করবে জাতীয় পার্টি।”

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাপার কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু ও সাহিদুর রহমান টেপা।