ক্ষমতার জন্য রাজনীতি, নির্বাচন ধ্বংস করছে সরকার: ফখরুল
আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে রাজনীতি ও নির্বাচন ব্যবস্থাকে ‘পরিকল্পিতভাবে’ ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের প্রতিক্রিয়া তুলে ধরে শুক্রবার এক সভায় তিনি এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকার অত্যন্ত সচেতনভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ‘গণতন্ত্রকে নির্বাসিত’ করেছে, সুস্থ ‘চিন্তা-ভাবনাকে’ নির্বাসিত করেছে এবং রাজনীতিকে ধবংস করেছে। উদ্দেশ্য একটাই- এখানে আর কেউ রাজনীতি করবে না। তারা ক্ষমতা দখল করে বসে থাকবে।”
“আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, কী করেছেন তারা। আমার কথা নয়, আজকের খবরের কাগজ খুললেই দেখবেন- এতো বড় বড় রাম-দা, ছুরি নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। চিন্তা করা যায়! আবার মন্ত্রীরা বলছেন, না না এটা তেমন কিছু না, একটু সাধারণ ঝগড়াঝাটি।”
সহিংস নির্বাচনকেও ‘সুষ্ঠু ও অবাধ’ বলায় নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সংঘর্ষের দায়-দায়িত্ব তারা নিচ্ছে না। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে ডিসেম্বরে অনুষ্ঠেয় ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “আজকে কত বড় দুঃখ-লজ্জার যে, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন একটা গণতন্ত্র সভা ডাকছেন। আমরা পত্রিকায় দেখেছি, ১০০টা দেশকে ডাকছেন।
“আমরা এতো শান্তি পেতাম, ভালো লাগতো, নিজের মাথা উঁচু হয়ে দাঁড়াতো যে, আমরা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আমাদের নামটা সেখানে নেই।”
গত এক যুগের বেশি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ‘বাংলাদেশ অগণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হচ্ছে’ বলে অভিযোগ তার।
ফখরুল বলেন, এই সরকার এতোই প্রতিহিংসাপরায়ন যে তারা অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি।
রোহিঙ্গা ইস্যুকে স্থায়ীভাবে জিইয়ে রেখে সরকার সেখান থেকে ফায়দা লুটতে চায় বলেও বিএনপি মহাসচিব অভিযোগ করেন।
তিনি বলেন, “এই সরকার রোহিঙ্গাদের জন্য ভাসানচরে একটা রাজকীয় অবস্থান তৈরি করে দিয়েছে। কেন? আপনাদের উদ্দেশ্য অন্যরকম।
“এখন পর্যন্ত আওয়ামী লীগের সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো ফলোপ্রসূ, কোনো কার্য্করী ব্যবস্থা গ্রহণ করেনি। কারা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাধা দিচ্ছে? দেখেন এই সরকারের বন্ধু ভারত, চীন, রাশিয়া।
“এতো বেশি ভারতের সাথে বন্ধুত্ব সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক। তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারছেন না কেন।”
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ নিয়ে সভা হয়।
জাগপার সভাপতি খন্দকার লুতফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির আবদুস সালাম, খায়রুল কবির খোকন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ইসলামিক পার্টি আবুল কাশেম, জাগপার আওলাদ হোসেন শিল্পী বক্তব্য দেন।
