২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণে নূর হোসেন

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছে রাজনৈতিক দলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 01:02 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মী নূর হোসেন।

বুধবার সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামীম, শাহাবউদ্দিন ফরাজীসহ নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন নূর হোসেনের স্মৃতির প্রতি।

পরে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও নূর হোসেন স্কয়ারে ফুল দেয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “শহীদ নূর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্রের আন্দোলন বেগবান হয়েছিল। ইতিহাসের পাতায় ১০ নভেম্বর আমাদের গৌরবময় দিন হয়ে আছে। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত হয়েছে।

“আজকের এই দিনে গণতন্ত্রের শৃঙ্খল মুক্ত হলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধরা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে, এটাই আমাদের আজকের প্রত্যাশা।”

সকাল সোয়া ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকনও আসেন নূর হোসেন স্কোয়ারে। ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই শহীদের প্রতি।

আমান উল্লাহ আমান বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, অবরুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে দল-মত নির্বিশেষে জনগণ মাঠে নামবে।”

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করে। পরে পল্টনের মুক্তিভবনে আলোচনা সভার আয়োজন করে সিপিবি।

দিনটি উপলক্ষে বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল আলাদাভাবে আলোচনা বা স্মরণসভার আয়োজন করেছে।

ঢাকার নারিন্দায় এক অটোরিকশা চালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন ছিলেন যুবলীগের একজন সক্রিয় কর্মী। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন।

জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি মিছিল পল্টন এলাকার ‘জিরো পয়েন্ট’ অতিক্রম করার সময় পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলি ছুড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।

নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন।

তাদের সেই আত্মত্যাগের পর স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হতে থাকলে ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতন হয়।

এরপর থেকে প্রতি বছরের ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নাম হয়েছে ‘নূর হোসেন চত্বর’।