মূল্য বৃদ্ধি: সারাদেশে প্রতিবাদ-সমাবেশ করবে বিএনপি
ডিজেল-কেরোসিনসহ নিত্যপ্রয়োজতনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে দুই দিন প্রতিবাদ-সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়া সকল মহানগরে এবং ১২ নভেম্বর সারাদেশে জেলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
“এই প্রতিবাদ সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হবে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকবে ততদিন জনগণের কষ্ট বাড়বে, তাদের ভোগান্তি বাড়বে। তারা আরও অসহায় হবে, গরীব থেকে আরও গরীব হবে।”
“সেজন্য আজকে এই সরকারকে সরাতে জনগণকে মাঠে নামাতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাকে গদি থেকে সরে যাওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করি এবং গণবিস্ফোরণের মধ্য দিয়ে ওদের সরিয়ে আমরা দেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।”
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মানববন্ধনে হাজারেরও বেশি নেতা-কর্মী অংশ নেন।
ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমানের যৌথ সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, হেলেন জেরিন খান, সেলিমুজ্জামান সেলিম, আমিরুজ্জামান শিমুল, অঙ্গসংগঠনের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ফজলুল রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ দুই মহানগরের নেতারা বক্তব্য রাখেন।
