বিএনপিকে শায়েস্তা করা যেন সরকারের দৈনন্দিন কর্মসূচি: ফখরুল
বিরোধী দলের উপর সরকারি নির্যাতন ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীকে হয়রানির প্রতিবাদে সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, “বিএনপির নেতা-কর্মীদের উপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙে দিতে সরকার আরও হিংস্র রূপ ধারণ করছে।
“বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনিন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।”
বিএনপির উপর ক্রমাগত নিপীড়নের ধারাবাহিকতায় শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে মামলা দায়ের এবং তার বাড়ি এবং শ্বশুরবাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
