নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত: কাদের
নির্বাচন কমিশনের মেয়াদ শেষের আগে বিএনপি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। শীর্ষ নেতাদের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হওয়া ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের কারণে বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখাত হয়েছে। কিন্তু পরাজয়ের দায় তারা বরাবর নির্বাচন কমিশন ও জনগণের উপর চাপায়।
“নিজেদের পরাজয় আড়াল করার লক্ষ্যে নির্লজ্জভাবে তারা সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করে আসছে। মূলত গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির উপর শুরু থেকেই বিএনপির কোনো আস্থা নেই।”
অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলে মরিয়া বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “আজ যখন দেশে গণতান্ত্রিক কৃষ্টি ও সংস্কৃতির ভিত্তি সুসংহত তখন গণতন্ত্র হত্যাকারী বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি অত্যন্ত লজ্জাকর।
“২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচনে অংশ নেওয়া বিএনপির আন্দোলনের অংশ। অর্থ্যাৎ বিএনপি নির্বাচনে জেতার লক্ষ্যে নয়, নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে অংশগ্রহণ করেছিল।”
