২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্ল্যাট নিয়ে বিদিশা ও এরিকের বিরুদ্ধে মামলার আর্জি

বারিধারায় হুসেইন মুহম্মদ এরশাদের প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট নিয়ে বিদিশা সিদ্দিক, তার ছেলে শাহতা জারাব এরিকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আর্জি হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 06:11 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলার আর্জি জমা দেন।

এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিন আগামী ৬ সেপ্টেম্বর এ মামলার গ্রহণযোগ্যতার শুনানির তারিখ রেখেছেন বলে আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন জানান।

মামলার আর্জিতে বলা হয়, “গত বছরের ২১ অগাস্ট বিবাদী বিদিশা যখন এইচ এম এরশাদের নিষেধাজ্ঞা অমান্য ও অবজ্ঞা করে প্রেসিডেন্ট পার্কের বাসায় ওঠেন, তখন থেকেই শাহতা জারাব এরশাদ এরিককে নিজের গর্ভের সন্তান হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গভীর ষড়য্নত্র চালাতে থাকেন।

“গত ৭ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাড়ি খালি করে দেওয়ার জন্য তিনি বাদী এইচ এম গোলাম রেজা এবং জিন্নাতুল নাহার শিমুকে (এইচ এম গোলাম রেজার স্ত্রী) বলেন।”

Image
বিদিশা (ফাইল ছবি)

বিদিশা (ফাইল ছবি)

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিদিশা সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত থেকে আমরা এখনও কিছু পাইনি। আমাদের আইনজীবী বিষয়টি দেখবেন।”

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখার (ইমিগ্রেশন) সুপার ও গুলশান থানার ওসিকেও মামলায় বিবাদী করা হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রেজা নবম জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের হুইপ ছিলেন। ২০১২ সালের অক্টোবরে সংসদীয় দলের হুইপ এবং পার্টির সভাপতিমণ্ডলীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর কযেক দিন পর তাকে জাতীয় পার্টি থেকেই বহিষ্কার করা হয়।