লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান কাদেরের
লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে ৩০টি জেলা ও উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের জন্য, তাই মানুষের মুখের হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এই সময়ে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ান।”
করোনাভাইরাসের সংক্রমণ ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়’ রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “উচ্চমাত্রার সংক্রমণ সীমান্তবর্তী জেলাসমূহ থেকে রাজধানীমুখী হয়েছে, ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে।
“এমন বাস্তবতায় আমাদের সকলের এবং পরিবারের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি হয়ে পড়েছে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার বিকল্প নেই, স্বাস্থ্যবিধির সামান্যতম অবহেলা আমাদের ছিটকে দেবে চিরচেনা জগত থেকে।”
জনগণের সুরক্ষায় বিশেষজ্ঞদের পরামর্শে ১ থেকে ৭ জুলাই যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা মেনে চলার এবং সরকারের সিদ্ধান্তে ‘আস্থা রাখার’ আহ্বান জানান সেতুমন্ত্রী কাদের।
তিনি বলেন, “নিজেদের কল্যাণের কথা ভেবে সকলে ঘরে অবস্থান করুন। সংকট এবং দুর্যোগে প্রধানমন্ত্রী সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। করোনাভাইরাস প্রতিরোধে যেখানে যাকে প্রয়োজন তাকে সে দায়িত্ব দেওয়া হচ্ছে।”
জীবন জীবিকার সমন্বয় করে করোনাভাইরাসের প্রথম ধাপ শেখ হাসিনা ‘সফলভাবে’ মোকাবেলা করেছেন মন্তব্য করে দ্বিতীয় ঢেউ মোকাবেলাতেও তার নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “সংক্রমণ রোধের পাশাপাশি অর্থনীতির চাকাকে সচল রাখতে শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে দেশ বিদেশে। অথচ একটি রাজনৈতিক দল নিজেরা মানুষের পাশে না দাঁড়িয়ে নিরাপদ দূরত্বে থেকে সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের বাজনা বাজিয়ে যাচ্ছে।”
বিএনপি সচেতনতা তৈরি না করে ‘বিভ্রান্তি ছড়চ্ছে’ অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তারা টিকার বিরুদ্ধেও চালিয়েছিল নির্লজ্জ মিথ্যাচার। অথচ এখন তারাই টিকার জন্য সবার আগে লাইনে দাঁড়িয়েছে।
“অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের নেতিবাচক অপতৎপরতা প্রত্যাখ্যান করেছে।”
