২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে সাধারণের উন্নয়নের ‘জায়গা নেই’: ফখরুল

নতুন বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের কোনো ‘জায়গা নেই’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2021, 04:44 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে এক ভার্চুয়াল আলোচনাসভায় তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “নতুন বাজেট আজকে দিতে যাচ্ছে। এই বাজেট নিয়ে পত্র-পত্রিকায় আমরা যেটা দেখলাম, সেখানে পরিষ্কারভাবে দেখতে পারছি সাধারণ মানুষের অর্থনৈতিক কোনো উন্নয়নের কোনো জায়গা নেই।”

“আজকে সরকারের যে বড় বড় কথা, উন্নয়ন। কোন উন্নয়ন, কাদের উন্নয়ন? এই উন্নয়ন শুধু তাদের যারা এদেশকে শাসন করছে, তাদের পকেট বোঝাই হচ্ছে আর সাধারণ মানুষ একেবারে গরীব থেকে গরীব হচ্ছে।”

১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমানের অংশগ্রহণ স্মরণে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপদযাপন জাতীয় কমিটির উদ্যোগে এই সভায় বিএনপি মহাসচিব বিরোধীদলের ওপর এক দশক ধরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন ।

তিনি বলেন, “গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমাদের দলের ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, পাঁচশরও উপরে নেতাকর্মী গুম হয়েছেন, ইলিয়াস আলীসহ হাজারো নেতাকর্মী খুন হয়েছেন, মৃত্যুবরণ করেছেন।”

সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সকলের এক হয়ে এই ফ্যাসিবাদের অবসান ঘটাতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।”

গণঅভ্যুত্থান ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না- বিএনপির এমন উপলব্ধি হয়েছে উল্লেখ করে ভার্চুয়াল এই আলোচনা সভায় সন্তোষ প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, “আমি মনে করি সেই লড়াইটা কেবলমাত্র একটা ক্ষমতার পরিবর্তনের লড়াই না। সেটা পরিপূর্ণভাবে জীবনবোধ, মূল্যবোধ, সমাজ পরিচালনার যে নীতিমালা সব কিছু থাকতে হবে।”

গণফরামের সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “এ সরকার জনগণের অধিকার স্থাপন করার যে কয়টি পদ্ধতি আছে সবগুলো চুরমার করে দিয়েছে।

“এই যে ১২ বছরের অধিককাল সময়ে এই সরকার দেশে কোনো একটা ভোট সঠিকভাবে করতে দিচ্ছে না। তারা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলেছে।”

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য আবদুস সালামের সঞ্চালনায় সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ বক্তব্য রাখেন।