মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংস করছে সরকার: ফখরুল
সরকার মুক্তিযুদ্ধের সব অর্জন ধবংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মরণে মঙ্গলবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
ফখরুল বলেন, “আমরা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাস করছি, যখন এই সরকার একটা দানবের মতো আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করে দিচ্ছে, গণতন্ত্রের যে সংগ্রাম তাকে ধবংস করে দিচ্ছে।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমাদের অত্যন্ত কষ্ট লাগে যে, যারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা বলে দাবি করে, আজকে সরকারের সব জায়গায় যারা রয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বার বার হত্যা করছেন।
“একবার পঁচাত্তর সালে হত্যা করেছে, আবার আজকে গণতন্ত্রহীন এবং বিচারহীন একটি দেশে পরিণত করেছে। যেখানে মানুষ বিচার পাচ্ছে না। যেথানে সব প্রতিষ্ঠান সরকারের করায়ত্ত হয়ে গেছে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা তার থেকে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে গেছে।”
এই অবস্থা বদলাতে নিজেদের মধ্যে ঐক্যের উপর জোর দেন বিএনপি নেতারা।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আজকে যদি এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরাতে হয়, তাহলে সবাইকে পাশাপাশি থাকতে হবে। একে অপরকে ঠ্যাং মারার যে রাজনীতি আজকে বিএনপির রাজনীতিতে চলছে কিংবা অন্য কোনো রাজনীতি চলছে, এই রাজনীতি করে ঠ্যাং মেরে নিজেদের পা ভাঙতে পারব, কিন্তু শত্রুর কোনো ক্ষতি করতে পারব না।”
মির্জা ফখরুল বর্তমান মহামারী পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সুস্থ থাকার উপর জোর দেন।
খোকা ছিলেন ‘আজীবন সংগ্রামী’
প্রয়াত নেতা সাদেক হোসেন খোকাকে স্মরণ করে ফখরুল বলেন, “তিনি আজীবন এক সংগ্রামী মানুষ। তার এই হঠাৎ করে চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করবে, এই একথা আমার বলতে কোনো সন্দেহ নেই। তার সাহস, তার ধৈর্য, তার দেশপ্রেম আমাদের প্রয়োজন ছিলো আজকে।”
খোকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে ফখরুল বলেন, “তার মৃত্যুর কিছু দিন আগে আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম তার সঙ্গে দেখা করার জন্যে। তখন তার শরীর খুব খারাপ হয়ে গেছে, বলা যায় তার শরীর কাঠ হয়ে গেছে। তিনি আমাকে তার উপরের ঘরে নিয়ে গেলেন, অনেক কথা বললেন।
“আমাদের তিনি কয়েকটা পরামর্শ দিয়েছিলেন যে, আপনি কখনও ধৈর্ হারাবেন না, বিএনপির যে সংগ্রাম, গণতন্ত্রের যে সংগ্রাম, এই সংগ্রাম একদিনে শেষ হবে না, বেশ একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম। তিনি বলেছিলেন, দেশনেত্রীকে মুক্ত না করলে আন্দোলন বেগবান হবে না।”
আলোচনা সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব একাত্তরের গেরিলা মুক্তিযোদ্ধা খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, “আজকে অনেকে মুক্তিযুদ্ধের কথা বলেন, তারা মুক্তিযুদ্ধ করেও নাই, দেখেও নাই।
“আমি, খোকা আমরা একসাথে মাঠে-ময়দানে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমি সেই খোকাকে সালাম করি। সশস্ত্র মুক্তিযুদ্ধে জীবনকে বাজী রেখে দেশমাতৃকার জন্য যে ভূমিকা গ্রহণ করেছেন। দুর্ভাগ্য তার একজন মুক্তিযোদ্ধা হয়ে দেশ স্বাধীন করার জন্য জীবন দিতে গেলেও সেই মুক্তিযোদ্ধা তার নিজের মাটিতে এসে তার প্রাণ ত্যাগ করার সুযোগটা হলো না এই সরকারের কারণে।”
খোকাকে স্মরণ করে মির্জা আব্বাস বলেন, “আগে-পরে, সামনে-পিছনে যে যাই বলুক, খোকাকে সত্যিকার অর্থে আমি ভালোবাসতাম। তার অনুপস্থিতি এখনও আমাকে পীড়া দেয়। আমাদের মধ্যে ছিল গভীর সম্পর্ক। এই সম্পর্কটা আমি এখন কারোর মধ্যে দেখি না।”
খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’র উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।
২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকার সাবেক মেয়র, সাবেক প্রতিমন্ত্রী খোকা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাও বক্তব্য রাখেন।
