সরকারকে আর ‘সময় দেওয়া যাবে না’: ফখরুল
ধর্ষণের মত অপরাধ থেকে সমাজকে মুক্ত করতে, নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা করতে ‘সরকারকে আর সময় দেওয়া যাবে না’ বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের এক ধর্ষণবিরোধী মানববন্ধনে তিনি বলেছেন, সমাজ আজ যেখানে পৌঁছেছে, তার সমাধান চাইলে এই সরকারকে ‘সরাতে হবে’।
দেশে ধর্ষণ-নিপীড়নের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এই ঘটনাগুলোতে। এর চেয়ে লজ্জা কী হতে পারে একটা জাতির জন্য?
“যে জাতি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, যে জাতির গণতন্ত্র প্রতিষ্ঠা অতীতে করেছিল, যে জাতি আজকে উন্নয়নের জন্য লড়াই করছে, সেই জাতিকে ধর্ষণের মত ভয়ঙ্কর একটা অবস্থায় আজকে চিত্রিত হতে হচ্ছে।”
ক্ষমতাসীন সরকারকে হুঁশিয়ার করে এই বিএনপি নেতা বলেন, “সমাজের এই ভয়াবহতা, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
“দলমত-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরাসরি বলতে হবে, আর কোনো সময় দেওয়া যাবে না। আর কোনো সময় দিলেই এখন এর পরিণতি ভালো হবে না।”
‘নিয়ন্ত্রণ করতেই’ সার্কুলার
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা কী করতে পারবেন, আর কী পারবেন না, সেসব নির্ধারণ করে দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যে ছয় দফা নির্দেশনা জারি করেছে, তারও সমালোচনা করেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আজকে বিস্মিত হতে হয় যে, স্কুল-কলেজ পর্যায়ে সার্কুলার জারি করে তাদের মতপ্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে। এটা শুধু এখানে নয়, সারাদেশে সাংবাদিকরা, রাজনীতিবিদরা, এমনকি যারা আইন পেশায় আছেন তারাও আজকে তাদের মতামত প্রকাশ করতে পারছে না।”
কাদের-হাছানের টনক নড়ে না: রিজভী
নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ার জন্য সরকারকে দায়ী করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশে বলেন, “যারা দুষ্কর্ম করছে, অনাচার করছে তাদের পৃষ্ঠপোষক এই সরকার। তাদের পৃষ্ঠপোষক না হলে সমাজের মধ্যে এই সম্ভ্রমহানি, নারী ও শিশু নির্যাতন বার বার কেন হবে?”
“আর আপনারা বলেন, বিএনপির টপ টু বটম পদত্যাগ করতে হবে। আরে আপনাদের যদি বিবেক থাকত, আপনাদের যদি মানবতাবোধ থাকতে, তাহলে আপনারা প্রতিদিন কান ধরে উঠ-বস করতেন আপনাদের এই অনাচারকে প্রশ্রয় দেওয়ার জন্য, এই ঘৃণ্য কাজ নারীর সম্ভ্রমহানিকে প্রশ্রয় দেওয়ার জন্য।”
বিএনপির নারী নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, “এই প্রতিবাদ বাংলাদেশে প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। এখানে নিপীড়ন হবে তারপরেও দাঁড়াতে হবে। এবার প্রতিবাদ নয়, এবার ব্যারিকেডের সময় এসেছে।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, অপর্ণা রায়সহ মহানগরের নেতারা বক্তব্য দেন।
