ব্রিটেন ও হাই কমিশনারের প্রশংসায় পঞ্চমুখ ফখরুল
খালেদা জিয়ার ভিসা প্রাপ্তির সম্ভাবনা নিয়ে এক বক্তব্যের জন্য ব্রিটেন ও দেশটির হাই কমিশনারকে প্রশংসায় ভাসালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ব্রিটেন একটি গণতান্ত্রিক দেশ এবং তাদের মধ্যে ‘সভ্যতা-ভদ্রতা অন্যদের তুলনায় বেশি’।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের এক ভার্চুয়াল আলোচনায় এ সংক্রান্ত প্রশ্নের জবাবে হাই কমিশনার রবার্ট ডিকসন কথা বলেন বলে সংবাদমাধ্যমের খবর।
ব্রিটিশ হাই কমিশনারকে উদ্ধৃত করে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, “আগেও তিনি (খালেদা জিয়া) ব্রিটিশ ভিসা নিয়েছেন। ভবিষ্যতেও তিনি ভিসার আবেদন করতে পারেন। তার পরিবারের সদস্যরা সেখানে থাকেন। তাই তিনি ভিসা চাইতে পারেন।”
জবাবে তিনি বলেন, “ব্রিটেন এখনও একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা- এই বিষয়গুলো এখনও যথেষ্ট অন্যান্য যে কোনো দেশের চাইতে। তারা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একজন গণতান্ত্রিক নেতা তার প্রতি তাদের যে দায়িত্ব সেই কথাটাই তারা বলেছেন।
“তাদেরকে (ব্রিটিশ সরকার) ধন্যবাদ জানাই আমি। আমরা তাকে (হাই কমিশনার) ধন্যবাদ জানাই যে, তিনি তার গণতান্ত্রিক সৌজন্য একজন গণতান্ত্রিক নেতার প্রতি, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি দেখিয়েছেন- এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।”
খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা নেওয়ার সুযোগ প্রসঙ্গে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “এই বিষয়টা নির্ভর করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাওয়া এবং সরকারের দেওয়া। বেগম জিয়া যদি যেতে চান এবং সেটা যদি পরিবারের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে যে পক্ষই হোক যদি সরকারের কাছে বলে। সরকার যদি দেয়। তাহলে তো তিনি যেতে পারবেন, তার আগে তো উনি যেতে পারবেন না।
“এখন পর্যন্ত যেটা আছে যে শর্ত, সেই শর্তে তো যাওয়ার কোনো বিষয় নাই। এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু বলেননি, তার পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।”
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সাজা স্থগিত করে মুক্তি দিয়েছে সরকার। গত ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া, সেই মেয়াদ শেষ হওয়ায় গেল মাসে আবারও ছয় মাসের জন্য তার সাজা স্থগিত করা হয়েছে।
মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের নিজের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন বিএনপি নেত্রী। শারীরিকভাবে অসুস্থ ৭৫ বছর বয়সী খালেদা জিয়ার করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ওই বাসায় নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদের যাতায়াতও নিয়ন্ত্রিত রয়েছে।
তিনি বলেন, “ম্যাডাম যেমন ছিলেন তেমনই আছেন। খুব একটা…। ডাক্তার সাহেবরা যেটা বলেছেন সেটা শুনেছেন আপনারা। তাতে খু্ব একটা উন্নতি হয়নি তার।
“উপরন্তু তার বড় যেটা সমস্যা হয়ে গেছে আবার তিনি খেতেও পারছেন না এখন।”
সংবাদ সম্মেলনে বক্তব্যে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আপনার লক্ষ করে দেখবেন, এত বড় একটা ঘটনা ঘটল মেজর সিনহা হত্যা। কৈ? তার ফলোআপ কোথায়?
“আপনি মিন্নীর ফাঁসি দিচ্ছেন, অন্যান্যদের ফাঁসি দিচ্ছেন। তো এটা (সিনহা হত্যা) দ্রুত সামনে আসছে না কেন? অন দ্যা স্পট মার্ডার করা হয়েছে। এটাই কারণ যে, তারা রাষ্ট্রযন্ত্রগুলোকে পুরোপুরিভাবে নিজেদের কবজায় নিয়ে কাজ করতে চাইছে। কাউকে অখুশি করতে চায় না।”
বিএনপি মহাসচিব বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির আজকে অবনতিটা কেন? যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি লক্ষ রাখবে তাদের তো সরকারের কাছে কোনো দায়বদ্ধতা নাই।
“তাদের জন্য সরকার টিকে আছে। তারা বলেও তাই, ক্লেইম করে তাই।”
