জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন জয়
জন্মদিনে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয় সোমবার ৪৯ বছর পূর্ণ করলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম। বিজয়ের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।
সোমবার প্রথম প্রহর থেকেই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফেইসবুকে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার ফেইসবুক পাতায় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ছবি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেইসবুক পাতায় ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’ জয়ের ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেইসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করে লিখেছেন-‘….শুভ জন্মদিন সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়।’
শুধু কেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ফেইসবুক পাতায় সজীব ওয়াজেদ জয়ের ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’ জয়ের ছবি দিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জয় মায়ের সঙ্গে জার্মানি থেকে ভারতে যান। তার শৈশব-কৈশোর কেটেছে ভারতে।
নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি।
২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন জয়। তাদের একটি মেয়ে আছে।
২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
