২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ হলেও কমিটি দিয়েছে ছাত্রদল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও এই শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2020, 11:04 AM

Updated : 18 Aug 2022, 03:31 PM

আসিফ হোসেন রচিকে আহ্বায়ক, ফয়সাল নূরকে যুগ্ম আহ্বায়ক, আলী আহমদকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে এই কমিটি করা হয়েছে।

এই আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন নওরোজ রহমান ইমন ও মুসাওয়ার আহমেদ শফিক।

শুক্রবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।

আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিসহ ওইসব কমিটির অধীনস্ত ইউনিট কমিটির তালিকা কেন্দ্রীয় সংসদে জমা দিতে বলা হয়েছে।

গত ৭ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত বছর ১১ অক্টোবর বুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্রদল কেন কমিটি দিয়েছে জানতে সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে ফোন করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

তবে সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মনে করি শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য সেখানে ছাত্র রাজনীতির দরকার আছে। তাই আমরা সেখানে কমিটি দিয়েছি।

“ওখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কে? সরকার করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। সরকার তো নিজেই নিয়ম মানে না। দিনের ভোট রাতে কেটে ক্ষমতা দখল করে আছে।”

আবদুস সাত্তার বলেন, “বুয়েটে ঘটনায় যে সংগঠন দায়ী, সেই সংগঠনকে নিষিদ্ধ না করে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি। ছাত্রদল এ সিদ্ধান্তকে কখনোই মানেনি। ছাত্রদল মনে করে, দেশের এই পরিস্থিতিতে সেখানে কমিটি প্রয়োজন, তাই সেখানে কমিটি গঠন করা হয়েছে।"

ছাত্রদলের কমিটি দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা শুনে তো আমরা আশ্চর্য হয়ে গেলাম! সবাই জানে যে আবরার হত্যার পর থেকে বুয়েটে রাজনীতি নিষিদ্ধ। তারপরও তারা কেন এখানে কমিটি দেবে? যদি কমিটি দিয়েই থাকে এবং ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা চালায়, তাহলে আমরা প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নেব।”

পুরনো খবর:

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ, ১৯ আসামিকে বহিষ্কার