‘এমাজউদ্দীনের কাজ গণতন্ত্র ফেরানোর সংগ্রামে সাহস যোগাবে’
প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের অবদানের কথা স্মরণ করল বিএনপি।
এমাজউদ্দীন আহমদের স্মরণে শুক্রবার বিকালে এক ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা।
গত ১৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন পরামর্শদাতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। কবি আবদুল হাই শিকদারের সঙ্গে মিলে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে একটি বইও লিখেছেন। বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত শত নাগরিক কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন এমাজউদ্দীন।
স্মরণ আলোচনায় মির্জা ফখরুল বলেন, “প্রফেসর এমাজউদ্দীন আহমেদ আমাদের মাঝে নেই, আর ফিরেও আসবেন না। কিন্তু তার কাজ আমাদের মধ্যে রয়ে গেল। তার চিন্তা, তার বিশ্বাস, তার কাজ আমাদেরকে আরো শক্তিশালী করবে, সাহস যোগাবে।
“বাংলাদেশি জাতীয়তাবাদের একজন দৃঢ় প্রবক্তা, স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের একজন সাহসী বলিষ্ঠ সংগ্রামী যোদ্ধা প্রফেসর এমাজউদ্দীন আমাদের প্রেরণা যুগিয়েছেন এবং যোগাবেন। তিনি আমাদের সাহস যোগাবেন লড়াই করতে, সংগ্রাম করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে।”
এমাজউদ্দীন আহমদের কর্মময় জীবন প্রসঙ্গ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তার যে রাষ্ট্রচিন্তা ছিল, সেটা ছিল দেশ, সমাজ, জাতি, রাজনীতি, গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। এর সমন্বয়ই তার চিন্তা-চেতনা। এগুলোকে সমন্বয় করে তিনি তার বইগুলো রচনা করেছেন, পত্র-পত্রিকায় অসংখ্য প্রবন্ধ লিখেছেন।
“যে সময়ে যা প্রয়োজন পরামর্শ দেয়ার, সেই সময়কে ধারণ করে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সেই সময় জাতির জন্য কী করা প্রয়োজন, দেশের সরকারের কী করা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর কীভাবে অগ্রসর হওয়া প্রয়োজন, তিনি নীতিনির্ধারণী জ্ঞানগর্ভ বক্তব্য দিয়েছেন, কলাম লিখেছেন, বই রচনা করেছেন।”
স্বৈরাচার এরশাদবিরোধী ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক এমাজউদ্দীনের অংশ নেয়ার কথা স্মরণ করে তার নামে একটি ‘জাতীয় স্মৃতি পরিষদ’ গঠন এবং তার লেখা গ্রন্থ জাতীয়তাবাদী দলের অনুসারীদের কাছে ছড়িয়ে দেয়ার প্রস্তাব করেন তিনি।
এমাজউদ্দীন আহমেদকে ‘নিবেদিত জাতীয়তাবাদী বুদ্ধিজীবী’ হিসেবে উল্লেখ করে স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, “এমাজউদ্দীন সাহেব গত ১৩ বছর মনের মধ্যে অনেক দূঃখ নিয়ে বেঁচে ছিলেন। গণতন্ত্রের প্রতি তার একটা কমিটমেন্ট ছিল। সেই গণতন্ত্র, ব্রেকডাউন অব ডেমোক্রেসির জন্য মিলিটারি ইন্টারভেনসনের দরকার নেই, রাস্তায় কোনো ট্যাংক নামানোর দরকার নেই, কোনো গোলাবারুদের দরকার নেই, কোনো মার্শাল ’ল জারি করার দরকার নেই।
“এখন ব্যালট বাক্স ব্যবহার করে, ভোটকে ব্যবহার করে, গণতন্ত্রকে ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা সম্ভবপর। এই যে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে ধীরে ধীরে, তিনি মনের মধ্যে এই দুঃখটা নিয়ে চলে গেছেন বলে আমি মনে করি।”
আলোচনায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহুমদ চৌধুরী, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী, শত নাগরিক কমিটির সদস্য সচিব আবদুল হাই শিকদার।
