২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: সরকারি কর্মচারীদের জন্য আলাদা ব্যবস্থা চায় তরিকত

সারা দেশে উপজেলা পর্যায়ে ডাক্তার, নার্স, পুলিশসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে তরিকত ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 06:30 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এ দাবি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাক্তার, নার্স, পুলিশসহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার জন্য হোটেল ব্যবহারের কথা থাকলেও এখনও পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

“আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, সরকারের পদক্ষেপ থাকলেও বাস্তবায়নের কোনো নাম-গন্ধ নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চৌদ্দ দলের একজন নেতা ও তরিকত ফেডারেশনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, সারা দেশে উপজেলা পর্যায়ে ডাক্তার, নার্স, পুলিশসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার জন্য।”

নিজ নির্বাচনী এলাকা চট্রগ্রামের ফটিকছড়িতে ডাক্তার ও নার্সসহ স্বাস্থকর্মীদের জন্য একটি এবং পুলিশসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরেকটি হোটেল ভাড়া নিয়েছেন বলেও জানান নজিবুল বশর।

“ফটিকছড়ির নজিরহাটে ‘মাউথ রয়েল হোটেল’ ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্য নেওয়া হয়েছে, আর ‘হৃদয় হোটেল’ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

একইভাবে প্রত্যেক উপজেলায় সংশ্লিষ্টরা যেন এই ব্যবস্থা নেয় সেই দাবি জানান নজিবুল বশর মাইজভান্ডারী।