আতঙ্ক ছড়াতে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বিএনপি: কাদের
করোনাভাইরাস নিয়ে সঙ্কটময় মুহূর্তে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই মুহূর্তে সবদিক বিবেচনা করে সকলের স্বার্থ অক্ষুন্ন রেখে ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় সর্বমহলে সরকার প্রসংশিত হয়েছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ধন্যবাদ জানিয়েছেন।
“এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা, সরকারে বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফয়দা লোটার জন্য বিএনপি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরূপ মন্তব্য করতে শুরু করেছে।”
জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারী প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এই দুর্যোগের মধ্যে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরেও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে একের পর এক মিথ্যাচার, বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন।”
নভেল করোনাভাইরাস মোকাবেলায় ‘জাতীয় টাস্ক ফোর্স’ গঠনের দাবি বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কাদের বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে জাতীয় টাস্ক ফোর্স গঠনের প্রয়োজন কি, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল জাতীয় টাস্ক ফোর্স বলতে কি বোঝাতে চান, এটা তিনি পরিষ্কার করেননি।
“কিছুদিন পর পর জাতীয় দুর্যোগ টাস্ক ফোর্স গঠনের কথা বলবেন, তারপর জাতীয় সরকার গঠনের কথা বলবেন, এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য। এটা আজকের সংকটের, করোনা প্রতিরোধের দায়িত্ব থেকে একবারেই বিচ্যুত।”
সরকারের ভুলের বিষয়ে পরামর্শে কোনো আপত্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে, এখন সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিন, এতে কোনো আপত্তি নেই। কিন্ত সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়ানো, এই মহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না।”
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী যেসব স্বাস্থ্যবিধির কথা বলেছেন, সেগুলো সবাইকে মেনে চলার অনুরোধ করেন জানান ওবায়দুল কাদের।
