তেজগাঁওয়ে রিজভীর ওপর হামলার অভিযোগ
সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিনে তেজগাঁওয়ে ধানের শীষে ভোট চেয়ে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে হামলার অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, হামলায় তিনি ছাড়াও তাদের পক্ষের আরও অন্তত পাঁচ-ছয়জন আহত হয়েছেন।
ঘটনার বিবরণে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে মিছিল করছিলাম। এ সময়ে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়।
“আমি কিছু বুঝে উঠার আগে হামলার মুখে রাস্তা পড়ে যাই। পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি। পরে কী হয়েছে কিছুই বুঝতে পারি নাই।”
ইসলামী ব্যাংক হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক ইকবাল হাসান চৌধুরীর তত্ত্বাবধানে রিজভীর চিকিৎসা চলছে।
বিএনপির কয়েকজন কর্মী বলেন, রিজভীর নেতৃত্বে একটি ছোট মিছিল নেতা-কর্মীসহ ধানের শীষে ভোট ও খালেদা জিয়ার মুক্তির দাবির শ্লোগান দিয়ে এগোচ্ছিল। এ সময়ে আওয়ামী লীগের একটি মিছিল থেকে হামলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশের সহকারী কমিশনার এসএম মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিপূর্ণভাবে দুই পক্ষের মিছিল গেছে। কোনো কিছু সমস্যা হয়নি বা কেউ কোনো অভিযোগ করেনি।”
এদিকে রুহুল কবির রিজভীর ওপর ‘হামলার’ নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জানিয়ে বলেছেন, “এই হামলা প্রমাণ করে যে, সরকার নিলর্জ্জভাবে নির্বাচনকে একদলীয় করার সব আয়োজন করে ফেলেছে। প্রচারণার শেষ দিনে বিএনপির মিছিলের ওপরে এই ন্যক্কারজনক হামলার আমি নিন্দা জানাচ্ছি।”
পরে হাসপাতালে গিয়ে রুহুল কবির রিজভীকে দেখে এসেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল।
রাতে গুলশান-২ নম্বরে নির্বাচনী গণসংযোগের সময় তাবিথ আউয়াল বলেছেন, “পরিস্থিতি নিয়মিত বদলায়। রুহুল কবির রিজভীর উপরে বড়সড় হামলা হয়েছে। আমরা আশঙ্কা করছি, এ রকম হামলা-মামলা আরও হতে পারে।
“তবে জনগণকে শক্তি হিসাবে নিয়ে আমরা প্রস্তুত আছি। ভোটের মাধ্যমে জয়লাভ করব, ভোটের মাধ্যমে সকল হামলা-মামলার জবাব দেব।”
এর আগে সকাল ১১টার দিকেও ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে নয়া পল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মিছিল বের করেছিলেন রিজভী।
তিনি হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাবেক সাংসদ হারুনুর রশীদ, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দ ছুটে যান।
রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলীয় সহকর্মী রিজভীকে দেখতে হাসপাতালে যান। তিনি রিজভীর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
