হেফাজত আমিরের বক্তব্যের প্রতিবাদ জাসদের
স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীর ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
রোববার দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে বলেন, তার বক্তব্য নিম্ন রুচি ও সংস্কৃতি, অসভ্যতা এবং অশালীনতা, বর্বর মানসিকতার বহিঃপ্রকাশ।
শাহ আহমদ শফী
জাসদ নেতাদের বিবৃতিতে বলা হয়, “দেশের শিক্ষক ও শিক্ষার্থী সমাজের চরম অবমাননা করেছেন। তিনি ইতিপূর্বেও নারীদের তেঁতুলের সাথে তুলনা করে বক্তব্য দিয়ে দেশের নারী সমাজের চরম অবমাননা করেছেন “
আহমদ শফীকে দ্রুত আইনের আওতায় এনে তাকে বিচার ও শাস্তির মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের নেতারা।
একই সাথে ওয়াজের নামে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়া বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
