আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থীকে নিয়ে প্রশ্ন
ঢাকা দক্ষিণ করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া এক প্রার্থীকে নিয়ে প্রশ্ন তুলেছেন দলের থানা পর্যায়ের নেতারা।
থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী মোহাম্মদ সালেহীন ‘দল না করেও মিথ্যার আশ্রয় নিয়ে’ মনোনয়ন বাগিয়ে নিয়েছেন।
আর স্থানীয় এক শহীদ পরিবারের সদস্যের অভিযোগ, সালেহীনের বাবা দ্বীন মোহাম্মদ মুসলীম লীগের সদস্য ছিলেন; একাত্তরে ছিলেন বৃহত্তর লালবাগ শান্তি কমিটির ‘নিবন্ধিত সদস্য’।
অভিযোগ অস্বীকার করে সালেহীন বলেছেন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই মারা গিয়েছিলেন তার বাবা।
ঢাকার দুই সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত ও কাউন্সিলর পদে সমর্থিত প্রার্থীদের তালিকা গত ২৯ ডিসেম্বর প্রকাশ করে ক্ষমতাসীন দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
সেখানে ঢাকা দক্ষিণ সিটির ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মো. সালেহীনের নাম আসে। তালিকায় সালেহীনের রাজনৈতিক পরিচয় বলা হয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
কিন্তু নবগঠিত চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস সুমন বলছেন, দলের কোনো পর্যায়ে সাংগঠনিক কোনো পদ নেই সালেহীনের।
ইউনুস সুমনও এবারের নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী ছিলেন। কিন্তু তা না পেয়ে স্বতন্ত্র হিসেবেই নির্বাচনে নেমেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুমন বলেন, চকবাজার থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিই ঘোষণা করা হয়নি।
“সে নিজেকে যে সহ-সভাপতি দাবি করেছে এটা একেবারে মিথ্যা। এখন সে আবার বলছে প্রস্তাবিত সহ-সভাপতি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আওয়ামী লীগে তার সদস্যপদও নেই।”
সালেহিনের বিষয়ে একই ধরনের কথা বলেছেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম রাডো।
“সে কীভাবে নমিনেশন পেয়েছে এটা সবাই জানে। তাকে কোনোদিন কোনো মিটিং মিছিলে দেখি নাই। আমি থানার প্রেসিডেন্ট, পাঁচটা ওয়ার্ডের সভাপতি। আমার কাছেও সে কোনোদিন আসে নাই। সাংগঠনিক কার্যক্রমে তাকে কোনোদিন দেখি নাই।”
পুরান ঢাকার দেওয়ান প্রথম লেইনের এক শহীদ পরিবারের সদস্য আবদুল করিম প্রশ্ন তুলেছেন একাত্তর ও পরবর্তী সময়ে সালেহীনের বাবার ভূমিকা নিয়েও।
“আমার বড় ভাই আবদুর রউফ জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্র ছিলেন। ছাত্রলীগের রাজনীতি করতেন। জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ ছিলেন তার ক্লাসমেট। ১৯৭১ সালের ২২ শে এপ্রিল পাকিস্তানি আর্মি আমার ভাইকে হত্যা করে। ওই সময় সালেহীনের বাবা দ্বীন মোহাম্মদ ছিলেন বৃহত্তর লালবাগ শান্তি কমিটির নিবন্ধিত সদস্য। এটা এলাকার সবাই জানে। আমি সে সময় ক্লাস টেনে পড়ি।”
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে সালেহীনের পরিবার এলাকায় মিষ্টি বিতরণ করে আনন্দ মিছিল করেছিল বলেও ৬৫ বছর বয়সী আবদুল করিমের ভাষ্য।
তিনি বলেন, “সালেহীনের পরিবারের বিষয়টি এলাকার সবাই জানে। আওয়ামী লীগের সঙ্গে সালেহীনের কখনোই সম্পৃক্ততা ছিল না। সে নিজেও বিএনপির রাজনীতি করত। তাকে এবার আওয়ামী লীগ মনোনয়ন দেওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ।”
এসব অভিযোগ অস্বীকার করে মো. সালেহীন বলেন, “আমার বাবা ১৯৭১ সারে ২০ মার্চ সদরঘাটের দোকান থেকে বাসায় ফেরার সময় পাকিম্তানি বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন। মানুষ তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে ২২ তারিখ তিনি মারা যান।
“স্বাধীনতার ঘোষণা হয়েছে ২৬ মার্চ, আমার বাবা মারা গেছেন ২২ মার্চ। পিস কমিটির হয়ে কীভাবে কাজ করবেন? আমি তখন আড়াই বছরের বাচ্চা। আমার বাবা পিস কমিটির মেম্বার, নাকি যারা বলছে তারা- সেটা জনগণ জানে।”
আর আওয়ামী লীগের কমিটিতে নাম না থাকার পরও ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগের বিষয়ে সালেহীনের ভাষ্য, তার নাম আছে প্রস্তাবিত কমিটিতে। কেউ কেউ মনোনয়ন না পেয়ে এখন ‘ষড়যন্ত্র’ করছে।
“আমি প্রস্তাবিত সহ-সভাপতি। ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ভাই আমাদের লিডার। উনার দপ্তরে যদি আপনি নক করেন আমার সিভিটা আপনার কাছে চলে আসবে। আমার সিভির ওপর লেখা আছে শাহ আলম মুরাদ। উনি যে কাগজটা পাঠিয়েছেন সেখানে স্পষ্ট করে লেখা আছে সহসভাপতির জন্য আবেদন।”
জানতে চাইলে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সালেহীনের নাম প্রস্তাব করেছেন- এমন দাবি সঠিক নয়।
"মহানগর কমিটি তো নাম প্রস্তাব করে না। মহানগর কমিটি প্রস্তাবিত নামগুলো অনুমোদন করে। প্রস্তাব করার কাজ থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের। এ বিষয়ে থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যেটা বলে সেটাই ঠিক।”
