‘জঘন্য’ বছর পেরিয়ে নতুন আশায় কামাল
নতুন বছরে নিজেদের ঐক্য সুসংহত করে জোরালো আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ স্বপ্ন দেখছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন।
সোমবার জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের নিজের আকাঙ্ক্ষার কথা জানান তিনি।
কামাল বলেন, “এবছরটা জঘন্যভাবে শেষ হচ্ছে। নতুন বছরে আমরা সবাই মিলে আমাদের বৃহত্তর ঐক্যকে সুসংহত করে এই দেশকে বাঁচানোর জন্য যা করার, সব কিছু আমরা করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “জনগণ ক্ষমতার মালিক- এটা সংবিধানে লেখা আছে। আজকে কি জনগণ সেই অবস্থায় আছে, তাদের ওপর নানা ধরনের আক্রমণ চালানো হচ্ছে।
“দেশের অবস্থা নিয়ে সারাদেশের মানুষ গভীর উদ্বেগের মধ্যে আছে। একদলীয়, এক ব্যক্তির শাসনকে কেন্দ্র করে তারা পূর্ণ ক্ষমতা নিয়ে এগুলো করে যাচ্ছে।”
ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা জানান গণফোরাম সভাপতি কামাল।
তিনি বলেন, “এটা এত লজ্জাকর একটা ঘটনা যে বছরের শেষে ছাত্রদের ওপরে এই ধরনের পূর্ব পরিকল্পিত আক্রমন চালানো হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
ডাকসুর ভিপির উপর হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার দাবি করেন কামাল।
ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব বলেন, “পরশু দিন আওয়ামী লীগের নতুন কমিটি হওয়ার পর গতকাল ডাকসুর ভিপির ওপর যে হামলা হল, এটা আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ।”
নূরদের উপর হামলায় জড়িত মুক্তিযুদ্ধের মঞ্চের সমালোচনা করে তিনি বলেন, “এদের বাবারও তো জন্ম হয় নাই একাত্তর সালে। কিসের মুক্তিযুদ্ধের মঞ্চ? আওয়ামী ছাত্রলীগাররাই এই হামলা করেছে। এই নিয়ে নূরের উপর ৬ বার হামলা হলো।”
জেএসডি নেতা রব বলেন, “এই সরকারের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই, এদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করতে হবে।
“মুক্তিযুদ্ধের চেতনার সরকার, পেশাজীবীদের সরকার, সমাজের সর্বস্তরের দলমতের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
সকাল সাড়ে ১১টায় মতিঝিলে কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের এই বৈঠকে রব ছাড়াও ছিলেন বিএনপির আবদুল মঈন খান, গণফোরামের আবু সাইয়িদ, মহসিন রশিদ, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী।
