২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নাগরিকত্ব আইনে বাংলাদেশকে ‘মুসলিম রাষ্ট্র’ বলায় জাসদের উদ্বেগ

ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯-এ বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে উল্লেখ করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 01:34 AM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বাংলাদেশ থেকে অমুসলিম নাগরিকদের ভারতে যাওয়ার বিষয় উল্লেখ করার পাশাপাশি আসামে নাগরিকপঞ্জিতে আসামের অধিবাসী ভারতীয় কয়েক লাখ নাগরিককে বাংলাদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করায়ও উদ্বেগ জানিয়েছে জাসদ নেতারা।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বুধবার এক বিবৃতিতে বলেন, “ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ ও নাগরিকপঞ্জি ভারতের একান্ত নিজস্ব অভ্যন্তরীণ বিষয় হলেও তাতে অযাচিত ও অযৌক্তিকভাবে পাকিস্তান ও আফগানিস্তানের কাতারে রেখে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে উল্লেখ করা, ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে অমুসলিম নাগরিকদের ভারতে যাওয়ার বিষয় উল্লেখ করা ,আসামে নাগরিকপঞ্জিতে আসামের অধিবাসী ভারতীয় কয়েক লক্ষ নাগরিককে বাংলাদেশের নাগরিক হিসাবে চিহ্নিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

জাসদ নেতাদের বিবৃতিতে বলা হয়, “১৯৭১ সালের পর রাষ্ট্রীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে কোনো নাগরিক ভারতে অভিবাসন করেননি। বর্তমানে কোনো কারণেই বাংলাদেশের কোনো নাগরিক ভারতে অবৈধভাবে বসবাসও করছেন না।”

Image
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে

ভারত সরকার তাদের নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ ও নাগরিকপঞ্জি নিয়ে বাংলাদেশের উদ্ধিগ্ন হওয়ার কিছুই নাই বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে।

তবে জাসদব বলছে, “বাংলাদেশ আশা করে, ভারত সরকার ও কর্তৃপক্ষ ভারতের কোনো নাগরিক বা ভারতের কোনো অধিবাসীকে বাংলাদেশের নাগরিক হিসাবে চিন্থিত করে তাদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়া বা পুশ-ইন করার পদক্ষেপ গ্রহণ করবেন না।

“এ ধরনের পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে অস্বস্তি-অবিশ্বাসের বীজ বপন করতে পারে।”

ভারত-পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলংকা-নেপাল-ভুটান-মালদ্বীপ অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সুদূর অতীত থেকে বহু জাতি, বহু সংস্কৃতি, বহু ভাষা, বহু ধর্মের মানুষ বসবাস করে আসছে।

দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর এক দেশে জাতিগত, সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় পরিচয়ে যারা সংখ্যাগুরু, আরেক দেশে তারাই সংখ্যালঘু।

জাসদ নেতাদের মতে, “দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জাতিগত, সাংস্কৃতিক, ভাষাগত ও ধর্মীয় কারণে বৈষম্য সৃষ্টি হলে কোনো বিরোধ-উত্তেজনা-সংঘাত-নির্যাতনের ঘটনা ঘটলে তা খুব সহজেই সেই দেশের সীমান্ত অতিক্রম প্রতিবেশী দেশে অভিঘাত সৃষ্টি করতে পারে।”

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার, কর্তৃপক্ষ, রাজনৈতিক দলসমূহের জাতিগত, সাংস্কৃতিক, ভাষাগত ও ধর্মীয় বিষয়ে এমন কোনো রাজনৈতিক অবস্থান ও পদক্ষেপ গ্রহণ করা উচিৎ হবে না বলেও মন্তব্য করেছেন জাসদ নেতারা।