২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতা ফিরে পেতে বাবলুর আপিল

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 12:04 AM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার আপিল আবেদনের শুনানির সময় দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। এর মধ্যে একজন জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন দাখিল করেন।

বেলা ১২ টায় নির্বাচন কমিশনে আপিল শুনানি হবে।

রোববার বাছাইয়ের দিনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবলু এবং গণফ্রন্টের প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান জানান।

তিনি জানান, জিয়াউদ্দিন বাবলু এক ব্যক্তির ঋণের গ্যারান্টার ছিলেন, যে ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেননি। আর মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় উত্তম চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে। কেউ ঋণখেলাপি হয়ে থাকলে নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের এক সপ্তাহ আগেই ঋণ হালনাগাদ করতে হয়। গ্যারান্টারদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য।

এই ব্যক্তি ঋণ পরিশোধ করেছেন বাবলু মনোনয়নপত্র দাখিলের দিন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।

আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমদসহ মোট ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও থানা নিয়ে গঠিত এই আসনে ভোট হবে আগামী ১৩ জানুয়ারি।

পুরনো খবর:

চট্টগ্রাম-৮: বাবলুর মনোনয়নপত্র বাতিল, প্রার্থী থাকলো না জাপার