ফেনী বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে
ফেনী জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
জেলা বিএনপি নেতা জহির উদ্দিন মজুমদারের নেতৃত্বে নেতাকর্মীরা বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এই দলে নাম লেখান।
জহির উদ্দিন এর আগে ফেনী জেলা যুবদলের নেতা ছিলেন বলে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, “যারা অন্য দল থেকে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান দেওয়া হবে।”
দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেন, “বর্তমান বাস্তবতায় জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে, আবার অনেকেই যোগ দিতে যোগাযোগ করছে জাতীয় পার্টির সাথে। আগামী দিনে জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে জনগণের সমর্থন নিয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করবে।
“দেশের রাজনীতিতে একটি শুন্যতা বিরাজ করছে। এই শুন্যতা পূরণে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি।”
সদ্য যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “শৃঙ্খলাই শক্তি। তাই নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে।”
মসিউর রহমান রাঙ্গাঁ তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়ে বলেন, “যে সকল আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, সেগুলো আমরা আগামী নির্বাচনে পুনরুদ্ধার করতে চাই। তাই দলকে আরো শক্তিশালী করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের সামরিক বিষয়ক উপদেষ্টা মাসুদ উদ্দিন চৌধুরী।
বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এ কাদের দলের লক্ষ্মীপুর জেলা শাখার জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
৫৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে জাতীয় পার্টির উপদেষ্টা মোহাম্মদ নোমানকে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী, পার্টির উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপনকে সদস্য সচিব করা হয়েছে।
