২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু আ.লীগকে সোজা করে দেশ বাঁচানো যাবে না: কাদের সিদ্দিকী

চলমান দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে জাতীয় সংলাপ আয়োজনে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 04:38 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পুলিশ-র‌্যাব যেখানে ধরে সেখানেই হাজার কোটি, সেখানেই হাজার কোটি। তাই রাস্তা-ঘাটে যখন শুনি যে, মানুষ এখন আর খালেদা জিয়ার দুই কোটি টাকার মামলাকে আমলে নিতে চায় না।

“সেজন্যে আপনাদেরকে বলতে চাই, বর্তমান সরকার অনতিবিলম্বে দেশকে বাঁচানোর জন্যে, মানুষকে উৎসাহিত করার জন্যে, মানুষ যে দেশের মালিক- এটা প্রমাণ করার জন্যে একটি জাতীয় সংলাপের আয়োজন করুক।”

এ ধরনের সংলাপের গুরুত্ব ব্যাখ্যায় তিনি বলেন, “জাতীয় সংলাপ হলে মানুষ যদি বুঝতে পারে যে, দেশ নিয়ে, দেশের সমস্যা নিয়ে দেশের মানুষ কথা বলতে পারে, দেশের মানুষের প্রতিনিধিরা কথা বলতে পারে। তাহলে মানুষের মধ্যে একটি জাগরণের সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে একটি উৎসাহের সৃষ্টি হবে।”

জাতীয় সংলাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কোনো বিকল্প পথ নেই উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, “শুধু আওয়ামী লীগকে ঠেঙ্গিয়ে, সোজা করে তিনি দেশকে বাঁচাতে পারবেন না। এটা দুর্নীতি মুক্তির পদক্ষেপ- এটা দেশের মানুষ ভাবতেই পারে না। আওয়ামী লীগে যদি এতো দুর্নীতিবাজ থাকে, তাদের তো সরকারে থাকারই সুযোগ নাই, অধিকার নাই, নৈতিকতা নাই।”

তিনি আরও বলেন, “আমরা বর্তমান সরকারের এই অভিযানকে সর্বান্তকরণে সমর্থন করি। কিন্তু এই অভিযান যদি শুধু আইওয়াশ হয়, মানুষকে দেখাবার জন্য হয় সেরকম অভিযানে আমাদের সমর্থন নেই। আমরা আশা করব, দেশকে নিষ্কলুষ করবার জন্য, দুর্নীতিমুক্ত করবার জন্য, চাঁদাবাজি-টেন্ডারবাজি মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই অভিযান হবে শ্বাশত সত্য।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনিসহ মন্ত্রী-উপদেষ্টা-এমপিরা সম্পদের হিসাব দেবেন।

এ প্রসঙ্গে এক প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, “উনি সম্পদের হিসাব দিতে চেয়েছিলেন, দেন নাই। এই দায়িত্ব তো উনারই।”

সরকারের পদত্যাগ চান কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনি ভুল করছেন, আমি কিন্তু অন্যদের মতো না। আমি জাতীয় ঐক্যফ্রন্টে ছিলাম, তাদের সঙ্গে একটি নির্বাচনে (একাদশ সংসদ) অংশ নিয়েছিলাম। আমি আশা করেছিলাম ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চলবে, কিন্তু তার নেতৃত্বে চলেনি। ইংল্যান্ডে বসবাসকারী তারেক রহমান নেতৃত্বে শেষ পর্যন্ত সেই ঐক্যফ্রন্ট চলেছে।”

কাদের সিদ্দিকী বলেন, “…তারপর সেই চুরির নির্বাচনে জয়ী ছয়জন বিএনপির এবং দুইজন গণফোরামের- মোট আটজন সংসদে গেলেন। আমার কাছে মনে হয়েছে মানুষের কাছে আমরা যে কথা দিয়েছিলাম সেই কথার সঙ্গে এর কোনো মিল নাই। মানুষ সঙ্গে প্রবঞ্চনা করা হয়। সেহেতু সবার শেষে আমি ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ঠিক তেমনি সবার আগে ওই ফ্রন্ট ত্যাগ করে আমরা বেরিয়ে এসেছি।

“যেদিন নির্বাচনে কারচুপি হয়েছে, সেদিন থেকে এই সরকারের পদত্যাগ দাবি করেছি এবং সত্যিকার অর্থেই এই সরকার জনগণের সমর্থিত সরকার নয়। পৃথিবীতে বহু সরকার থাকে, সামরিক সরকার থাকে, জবরদস্ত সরকার থাকে এবং শেখ হাসিনারও এরকম একটি সরকার বর্তমানে আছে।”

সরকারের সমালোচনা করলেও ক্ষমতাসীন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান বঙ্গবীর।

রাজশাহীর ভিসির বহিষ্কার দাবি

কাদের সিদ্দিকী বলেন, “রাজশাহীতে সেদিন একটা বিশ্রি ঘটনা ঘটেছে। যেখানে ভারতীয় অ্যাম্বেসির খুব সম্ভবত উপ-হাই কমিশনার বোধহয় ছিলেন। তাকে খুশি করার জন্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর সাথে জয় হিন্দ উচ্চারণ করেছেন। আমি এর তীব্র নিন্দা করছি এবং এই মুহূর্তে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।”

“এরকম চাটুকার, দালাল যদি একটা বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে ১৯৬৯ সালে ড. জোহা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্ষা করার জন্য জীবন দিয়েছিলেন তা আজ ব্যর্থ হয়ে যায়।”

গোপালগঞ্জের বঙ্গবুন্ধ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে ছাত্রছাত্রীরাদের আন্দোলনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, “কেন যে প্রশাসনের টনক নড়ে না- এই সমস্ত বাজে লোকদের প্রশাসনের মাথায় বসিয়ে আমাদের বদনাম করছে তা আমরা বুঝতে পারছি না।”

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।