২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের নাকের ডগায় এতদিন কীভাবে চলল: ক্যাসিনো নিয়ে নাসিম

ঢাকার বিভিন্ন ক্লাবে দীর্ঘদিন ধরে ক্যাসিনো ও জুয়া চলার জন্য প্রশাসনের ‘ব্যর্থতা ও নির্লিপ্ততার’ নিন্দা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 11:23 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের এক সভায় প্রশাসনের ‘দোষীদের’ বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে মুখপাত্র মোহাম্মদ নাসিম জানিয়েছেন।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বিস্মিত হয়েছি এই কারণে যে, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগার উপর কীভাবে এই ধরনের অবৈধ কাজগুলো সম্পন্ন হয়েছে। প্রশাসনের যে ব্যর্থতা, প্রশাসনের নির্লিপ্ততা এটাও আমরা নিন্দা করি। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব, কঠোরভাবে এইগুলো যেন নিশ্চিহ্ন করা হয়, দুর্বৃত্তকে যেন আশ্রয়-প্রশ্রয় না দেওয়া হয়।

“প্রশাসনের মধ্যেও যে দুর্বৃত্তায়নকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে এটাও আমরা নিন্দা করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে প্রথম অভিযান চালায় র‌্যাব। সেখানে ক্যাসিনো চালানোয় ক্লাবের কর্ণধার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

ওই দিন মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাব ও গুলিস্তানে মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবেও অভিযান চালিয়ে জুয়া-ক্যাসিনোর বিপুল সরঞ্জাম ও  টাকা জব্দের পাশাপাশি ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর ধানমণ্ডির কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে গেণ্ডারিয়া ও পুরাণ ঢাকায় আওয়ামী লীগ নেতা দুই ভাই ও তাদের বন্ধু-কর্মচারীর বাড়িত অভিযান চালিয়ে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোর সাথে রাজনৈতিক নেতাদের জড়িত থাকা নিয়েও বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগ নেতা নাসিম। 

তিনি বলেন, “আমরা বিস্মিত হয়েছি, দুঃখিত হয়েছি; কিছু রাজনৈতিক কর্মীরা আজকে দুর্বৃত্তে পরিণত হয়েছে। শেখ হাসিনার অর্জনকে ম্লান করার জন্যে এই দুর্বৃত্তায়নকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

শেখ হাসিনা সাহসের সঙ্গে লড়াই-সংগ্রামের মধ্যে দিয়ে পরিস্থিতি মোকবেলা করছেন বলেও মন্তব্য করেন নাসিম।

চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, “আমরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছি। দুর্নীতি ও সামজিক অপরাধ বিষয়ে অভিযানের বিষয়ে ১৪ দল সস্পূর্ণভাবে সর্বাত্মকরণে সে অভিযানকে সমর্থন করে।”

চলমান শুদ্ধি অভিযানের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “এই পরিস্থিতিতে কোনো অশুভ শক্তি যেন ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে না পারে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

“মনে রাখতে হবে যে, কোনো পদক্ষেপ নিয়ে কোনো অশুভ শক্তি যেন চক্রান্ত ষড়যন্ত্র করতে না পারে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কয়েকজন দুষ্টু লোকের জন্য আপনাদের হতাশ হওয়ার কিছু নাই।”

বৈঠকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “আমরা প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ‘কালো বেড়াল’ ধ্বংস করার পক্ষে। আর রাজনৈতিক দলের কলঙ্ক কোনো দুর্নীতিবাজ যদি থাকে, তাকে বের করার পক্ষে।”

১৪ দলের সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।