সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি
আল কাদেরী জয়কে সভাপতি এবং নাসির উদ্দিন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে বাসদের খালেকুজ্জামানের অনুসারী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠিত হয়েছে।
জয় আগের কমিটির সহ-সভাপতি ছিলেন; প্রিন্স আগের কমিটিতেও সাধারণ সম্পাদকই ছিলেন।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সংগঠনটির ৫ম কেন্দ্রীয় সম্মেলনে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন উপলক্ষে টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা জিমনেশিয়ামে হয়।
ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
তিনি বলেন, “শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি না দিয়ে বাণিজ্যিক পণ্যে পরিণত করায় শিক্ষা বাণিজ্য ব্যপক রূপ লাভ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চা ও সৃষ্টির কেন্দ্র না হয়ে বিদ্যা বিক্রির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
“গোটা সমাজের দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। মাদক আর মাস্তানী ছাত্র-যুব সমাজের সংগ্রামী চরিত্রকে ধ্বংস করছে।”
দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম মিলনের মা সেলিনা আক্তার।
সম্মেলনের উদ্বোধন করে সেলিনা আক্তার বৈশ্বিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না থাকায় হতাশা ব্যক্ত করে বলেন, “দেশের শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রীগণের একাংশ বিদ্যার্জনের পরিবর্তে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্রবাজি ইত্যাদি অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েছে। আমি বলব, এটা ছাত্রদের অপরাধ নয়, এটা আমাদের অপরাধ। আমরা কোমলমতি ছাত্রদের রাজনীতির নামে নানাভাবে প্রলুব্ধ করে তাদের নৈতিক অধঃপতনের সুযোগ করে দিয়েছি।
“বর্তমান অবস্থা আরো শোচনীয়। দেশে মাদকের রমরমা ব্যবসার ফলে তরুণ সমাজ আজ মাদকাসক্ত। সকল মহলকে মনে রাখতে হবে এরা আমাদের দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজম্মকে রক্ষা করতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে।”
জাসদ নেতা মিলনের মা বলেন, “দুঃখ হয় এই ভেবে যে, মিলন শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তি দিতে প্রাণ দিয়েছিল, কিন্তু আজও সেই গণতন্ত্র শৃঙ্খলিতই রয়ে গেছে। সমাজে ধনী আরো ধনী হয়েছে, গরিব হয়েছে আরও গরিব।”
উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়, কাঁটাবন মোড়, বাটা সিগন্যাল, সায়েন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এসে শেষ হয়।
