২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু-কিশোরদের ‘দেশপ্রেমিক’ হতে বললেন তথ্যমন্ত্রী

দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2019, 10:49 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

শুক্রবার দুপুরে ঢাকায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, "২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, তা বাস্তবায়নে আজকের এই শিশু-কিশোরদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানায় শুধু পৌঁছেই যাবে না, সেই ঠিকানা অতিক্রম করতে পারবে।

“এজন্য প্রয়োজন আমাদের শিশু-কিশোরদের জঙ্গিবাদ, মৌলবাদ, মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে মুক্ত রেখে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করা, যে কাজকে খেলাঘর ও এ ধরণের উদ্যোগ অনেক এগিয়ে নিতে পারে।"

খেলাঘর মহানগর উত্তরের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহমেদ, শিশু সংগঠক রহমান মুস্তাফিজ অনুষ্ঠানে বক্তব্য দেন।