অর্থনীতিকে ফোকলা করেছে সরকার: ফখরুল
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকের পত্রিকাতে আছে, অর্থমন্ত্রী বলেছেন, হল-মার্ককে আবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ লুটেরা অর্থনীতিকে আবার লুটেরার মধ্য দিয়ে নিয়ে আসা হবে। এদের চরিত্র হচ্ছে- এরা লুটেরা।
“আমি আগেও বলেছিলাম এরা সব লুট করছে চারিদিকে। এমনভাবে লুট করছে যে, দেশ ফোকলা একটা দেশে পরিণত হতে চলেছে, অর্থনীতি ফোকলা হতে চলেছে।”
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা হয়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ২০০৯ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় মারা যান।
দেশের ব্যাঙের ছাতার মতো তৈরি ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, অনেক চাপের মুখেও নতুন ব্যাংক ও লিজিং কোম্পনি খোলার সুযোগ দেননি সাইফুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সম্পদের সুষম বণ্টনের জন্য সাইফুর রহমান সব সময় সাহেব সংগ্রাম করতেন।
সাবেক অর্থমন্ত্রী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সব চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন দাবি করে তিনি বলেন, “আজকে ওই গ্রামীণ অবকাঠামো খুঁজে দেখেন, সেই জায়গায় কোনো বরাদ্দ নাই।
বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী ও এজিএম শামসুল হকের পরিচালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রয়াত নেতা পুত্র সাবেক সাংসদ এম নাসের রহমান বক্তব্য দেন।
