২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক

কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ কয়েকটি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 03:24 PM

Updated : 10 Oct 2022, 09:21 PM

‍বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় বুধবার সকাল সোয়া ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রুদ্ধদ্বার এই বৈঠক হয়।

দুই ঘণ্টা ধরে বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি কামাল হোসেন ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন, কানাডার উপ-রাষ্ট্রদূত, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিসহ পশ্চিমা সাতটি দেশের কূটনীতিকরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, কারাবন্দি খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা এবং ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মঈনুল হোসেনকে কারাগারে পাঠানোসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা রাষ্ট্রদূতদের সাথে দেশের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলাপ করেছি। তারা আমাদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের দিক থেকে তা তুলে ধরেছি।

“দেশে কী রকম নির্বাচন হয়েছে- তা আপনারা জানেন, তারাও জানেন। বিদেশিরা আমাদের বক্তব্য শুনেছেন।”

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, “মঈন খান সাহেবের বাসায় চায়ের আড্ডায় এসেছিলাম। দেশের রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশে অবস্থানরত রাষ্ট্রদূত-হাই কমিশনাররা জানতে চেয়েছেন । বলতে পারেন আমরা মতবিনিময় করেছি তাদের সাথে।”

বৈঠকে কূটনীতিকরা কোনো মন্তব্য না করে শুধু নোট নিয়েছেন বলে জানান গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।