পরিবহন খাত অস্থির করতে গুজব ছড়ানো হচ্ছে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পরিবহন মালিক-শ্রমিকদের উস্কে দেওয়ার চক্রান্ত হচ্ছে।
রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “মোটরযান আইন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব রটানো হচ্ছে যে এখানে বিভিন্ন বিষয়ে জরিমানা বাড়ানো হয়েছে।”
এ ধরণের কোনো উদ্যোগ বাংলাদেশে নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, “আমাদের আইন হচ্ছে সড়ক পরিবহন আইন। এটার নামই তো ভুল। নামটা যেমন ভুল, তেমনি এসব জরিমানার হারও মনগড়া।
“স্বার্থান্বেষী মহল করেছে বিভ্রান্তি সৃষ্টির জন্য, মালিক-শ্রমিককে উস্কে দেওয়ার জন্য। এটা একটা চক্রান্ত, এটা একটা পাঁয়তারা।”
ভারতে ট্রাফিক আইন ভঙ্গে জরিমানা বাড়িয়ে নতুন আইন রোববার কার্যকর হচ্ছে। সেটাই বাংলাদেশের বলে অপপ্রচার চলছে বলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেছেন।
এ বিষয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সরকারি এক তথ্য বিবরণিতে বলা হয়েছে, “নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ নামে কোনো আইন বাংলাদেশে নেই।
“২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিধিমালা প্রয়নের কাজ করছে।”
বিএনপির জন্য ‘শুভকামনা’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির জন্য শুভকামনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের শুভ কামনা করি। তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিকে আলিঙ্গন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।”
আ. লীগের কাউন্সিল অক্টোবরে
সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল আয়োজনের প্রস্তুতি থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
“আমাদের জাতীয় সম্মেলন অক্টোবরেই হওয়ার কথা। অক্টোবরে এখনও ঠিক আছে। আমরা তো পরিবর্তন করিনি। পরিবর্তন করলে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে তা করার বিষয় আসবে।”
তাহলে কি অক্টোবরেই চূড়ান্ত- প্রশ্ন করলে কাদের বলেন, “এই মুহূর্তে বলা যাবে না। আমরা এক মাসের নোটিস দিয়েও জাতীয় সম্মেলন অতীতে করেছি। তবে আমাদের প্রস্তুতি চলছে।”
ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়াদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রলীগের কমিটিকে বলা হয়েছে, রিভিজিট করার জন্য যদি কেউ রিয়েলি বঞ্চিত হয়ে থাকে। আর ছাত্রলীগের কমিটিতে যদি কাউকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকে, ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতা আছেন, আমাদের নেত্রী দায়িত্ব দিয়েছেন। তারা বিষয়টি বিবেচনা করবেন।”
তিনি বলেন, “যারা পদবঞ্চিত বলে পরিচিত, তারা তো রাস্তায় এখন আন্দোলন করছে না। কাজেই নিশ্চয়ই এটার একটা প্রক্রিয়া চলছে। সে কারণে তারাও কোনো বিক্ষোভ দেখাচ্ছে না।”
