২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিএনপির ১০ সুপারিশ

রোহিঙ্গা সমস্যার সমাধানে বন্ধুপ্রতিম রাষ্ট্রদের নিয়ে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করাসহ ১০ দফা সুপারিশ করেছে বিএনপি।    

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 09:51 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

বুধবার ঢাকার গুলশানে লেইক শোর হোটেলে কূটনীতকদের নিয়ে ‘রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করে দলটি।

ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০টি সুপারিশ তুলে ধরেন।

তিনি বলেন, “এই সেমিনারের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই, জনগণের কাছে পৌঁছাতে চাই, বিশ্বমানবতার কাছে পৌঁছাতে চাই।

“একই সঙ্গে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে, জাতিসংঘকে, আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান জানাচ্ছি, মানবিক যে অবস্থা তৈরি হয়েছে সেটাকে সমাধানের জন্য তারা তাদের ভূমিকা পালন করবে।”

রোহিঙ্গা সমস্যা সমাধানে ১০ দফা সুপারিশে ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার ‍উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি।  

এছাড়াও তাদের সুপারিশের তালিকায় রয়েছে - রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও নিজের মাতৃভূমিতে অবাধ চলাচল নিশ্চিতকরণ, বন্ধুপ্রতীম রাষ্ট্রদের নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা, প্রত্যাবাসনের আগে ও পরে জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ সুযোগ রাখা, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যাতে জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্টি না হতে পারে সে ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া।  

আলোচনায়  রোহিঙ্গা শরণার্থীদের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এতে রোহিঙ্গাদের আগমনের প্রেক্ষাপট, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনামের প্রতিবেদন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

বিএনপি রোহিঙ্গা ইস্যুকে উস্কে দিচ্ছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই অভিযোগের জবাবে ফখরুল বলেন, “এটা সুইসাইডাল, এটা আত্মহননের কথা।

“আমরা মনে করি যে, এই ধরনের কথাবার্তা শুধু রোহিঙ্গা সমস্যা সমাধানে বাধা হয়েই দাঁড়াবে না, মিয়ানমারকে আরও শক্তিশালী করবে এবং সমস্যা আরও বৃদ্ধি করবে।”

তিনি বলেন, “রোহিঙ্গাদের স্থায়ীভাবে দেশে ফিরে জীবনসম্পদ সম্ভ্রমে অখণ্ড নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে নিজ মাতৃভূমিতে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা বিধান কল্পে বাংলাদেশসহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।”

রোহিঙ্গা সমস্যা সমাধান এককভাবে বাংলাদেশের পক্ষে সম্ভব না বলেও মনে করেন ফখরুল।

তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুটি এখন বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে।”

রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আসার সময়ে খালেদা জিয়া যে বিবৃতি দিয়েছিলেন, বৈঠকে তা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, পাকিস্তান, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, আফগানিস্তান, তুরস্ক, জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকরা অংশ নেন।

কূটনীতিকরা আলোচনায় কোনো বক্তব্য রাখেননি; তবে আলোচকদের বক্তব্যের নোট নিতে দেখা গেছে তাদের।

সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মইন খান, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সাবেক সচিব এএইচএম মোফাজ্জল করীম, অধ্যাপক দিলারা চৌধুরী ও অধ্যাপক সুকোমল বড়ুয়া।

দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের পরিচালনায় গোলটেবিল আলোচনায় দলের স্থায়ী বিএনপির কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, জয়নাল আবেদীন, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ফজলে আকবর প্রমুখ।