হরতালের সমর্থনে চট্টগ্রামে সমাবেশ
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার বিকেলে বন্দর নগরীর আন্দরকিল্লা মোড়ে হরতালের সমর্থনে সমাবেশ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী বলেন, “সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দামও বাড়বে। পরিবহন ভাড়া বাড়বে, কল-কারখানার উৎপাদন খরচও বাড়বে।
“এতে করে নিত্য পণ্যের দাম বেড়ে যাবে। গ্যাসের দাম বাড়ানোর বিরূপ প্রভাব পড়বে জনজীবনে।”
মৃণাল চৌধুরী বলেন, “বারবার জিনিসপত্রের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কেটে নিচ্ছে। কিন্তু বিভিন্ন সেক্টরে যে অনিয়ম, ঘুষ-দুর্নীতি সেসব বন্ধ করতে পারছে না।
“সরকারের ভুল নীতি, দুর্নীতি ও লুটপাটের দায় জনগণ নেবে না। বিইআরসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের দায়িত্ব জ্বালানি বিষয়ে জনগণের ওপর সরকার বা অন্য কেউ যাতে অযৌক্তিক-অন্যায় কিছু চাপিয়ে দিতে না পারে, সে বিষয়টি দেখা।”
তিনি বলেন, আইনে আছে, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলে দাম বাড়ানো যাবে না। ছয়টি গ্যাস কোম্পানির মধ্যে পাঁচটিই লাভজনক।
“বিইআরসি তার আইনি অবস্থান পরিহার করে জনগণের স্বার্থ না দেখে সরকারের দুর্নীতি, লুটপাট ও ভুল নীতির সমর্থনে কাজ করছে।”
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী, গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিয়া, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমী, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য আপু দাশ গুপ্ত, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদরী জয়।
