সামনে গণআন্দোলন দেখছেন সেলিমা
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ভবিষ্যতে ‘গণআন্দোলনের’ আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শনিবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি দলীয় নেতা-কর্মীদের নিজের এই আশার কথা জানান।
সেলিমা বলেন, “আজকে আপনারা যে বলেছেন, জনগণের সম্পৃক্ততা ক্রমশ বাড়ছে, উত্তাপ ক্রমশ বাড়ছে। আমরা জানি, এই উত্তাপ গণআন্দোলনে রূপ নেবে।
“যে কোনো আন্দোলন যতক্ষণ গণআন্দোলনে রূপ না নেয়, সেই আন্দোলন কিন্তু ফলপ্রসূ হয় নাই। আপনারা দেখেছেন ’৬৯ এর আন্দোলন, আপনারা দেখেছেন আমাদের ’৯০ এর আন্দোলন।”
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে সেলিমা বলেন, “বাংলাদেশের জনগণের মুক্তি বলেন, গণতন্ত্রের মুক্তি বলেন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষাকারী বলেন, সব কিছুর জন্য বাংলাদেশের একজন আছেন, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
(ফাইল ছবি)
“আমি দৃঢ়তার সাথে বলতে চাই, তাকে আমরা মুক্ত করবোই। যেভাবে হোক আমরা সকলে মিলে একসাথে দেশনেত্রীকে মুক্ত করব। এই শপথ নিতে হবে।”
বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবিতে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারিস্ট (এএবি) এর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সেলিমা।
সংগঠনের আহবায়ক রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব জি কে মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামীমুর রহমান শামীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ইব্রাহীম খলিল, এএবি‘র অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক বাদল সরকার, রজব আলী, শফিকুল ইসলাম, হাসান জাফির তুহিন, আতিকুল ইসলাম, সাহাদত হোসেন চঞ্চল প্রমুখ।
