২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র আর খালেদার মুক্তি একাকার হয়ে গেছে: ফখরুল

খালেদার জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেত্রী মুক্তি পেলেই গণতন্ত্র মুক্তি পাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2019, 02:40 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনশন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে ফখরুল এ কথা বলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

মির্জা ফখরুল প্রস্তাবিত নতুন বাজেট প্রস্তাব এবং সম্প্রতি গ্যাসের দাম বাড়ানোর সমালোচনাও করেন।

তিনি বলেন, “কী কারণে গ্যাসের দাম বাড়ানো হল? এর একমাত্র কারণ হচ্ছে- এই যে এলএনজি আমদানি করা হবে, তাদের লোকগুলোকে সেখানে পয়সা পাওয়ানোর জন্য।

“দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য এলএনজি আমদানি করা হচ্ছে এবং সেটার ভর্তুকি- যে বেশি দাম দিতে হচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে সেই ভর্তুকি জনগণের কাছে থেকে নিয়ে নেওয়া হচ্ছে।”

২০১৯-২০ অর্থবছরের বাজেটে সাধারণ জনগণের ওপর করের বোঝা বাড়ানোর সমালোচনা করে অর্থনীতির সাবেক শিক্ষক ফখরুল বলেন, “ট্যাক্স বাড়ানো হয়েছে, প্রতিটি ক্ষেত্রে ভ্যাটের পরিধি বাড়ানো হয়েছে। জনগণের পকেট কেটে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও সুবিধাভোগকারী ব্যক্তি যারা আছেন, তাদের পকেট ভারী করার জন্য এই বাজেটে তৈরি করা হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। আজকে কোথাও মানুষের কোনো শান্তি নেই, স্বস্তি নেই।

“প্রতিটি মানুষ এখন এই অস্বস্তিকর দমবন্ধ করা পরিবেশ থেকে,এই অগণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তি চায়। এই মুক্তি এখন পুরোপুরি একাকার হয়ে গেছে এদেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সঙ্গে।”

ফখরুল বলেন, “বেগম জিয়া গণতেন্ত্রর প্রতীক। যদি তিনি মুক্তি পান তাহলেই গণতন্ত্র মুক্তি হবে। সেই মুক্তির জন্য শুধু আইনি লড়াইয়ের ওপর নির্ভর করলে হবে না, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে, সমস্ত মানুষকে সম্পৃক্ত করতে হবে।”

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অনশনকারীদের অনশন ভঙ্গ করান।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় এই কর্মসূচিতে গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীসহ বিএনপি সমর্থক বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।