২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক্তার ডাকায় এরশাদ চোখ মেলেছেন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের বাইরে যেতে আগ্রহী নন এবং সিএমএইচেই তিনি স্বস্তি বোধ করেন বলে জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 07:20 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

বিরোধী দলীয় নেতা এরশাদকে দেখতে সোমবার সকালে সিএমএইচে যান ওবায়দুল কাদের। সেখানেই এরশাদের ভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বিদেশে চিকিৎসার বিষয়ে ওই তথ্য দেন বলে জানান সেতুমন্ত্রী কাদের।

পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আমি এরশাদ সাহেবকে দেখে এসেছি।… ডাক্তার আমার সামনে ডাক দিলেন উনাকে, দেখলাম চোখ খুলছেন ২/৩ বার।”

চিকিৎসকদের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, “ডাক্তাররা বলেছেন, তার অবস্থা অপরিবর্তিত। ৩/৪ দিন একটু উন্নতি হওয়ার পর গতকাল দুপুর থেকে অবনতি, সেই অবনতি গতকাল যেটা ছিল সেটা আজ অপরিবর্তিত রয়েছে।… তিনি শঙ্কামুক্ত এটা বলা যায় না।”

উন্নত চিকিৎসার জন্য এরশাদকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা- তা ওবায়দুল কাদেরের কাছে জানতে চান সাংবাদিকরা।

উত্তরে কাদের বলেন, “চিকিৎসা দেশে হবে নাকি তাকে সিঙ্গাপুরে নেয়া হবে- জিএম কাদের যতটা বলেছেন, তিনি বাইরে যেতে আগ্রহী নন। উনাকে নেওয়ার মতো স্টেবল অবস্থাও নেই।

“যখন উনার সংজ্ঞা ছিল তখন তিনি বলেছেন, আমি সিএমএইচেই কমফোর্টেবল ফিল করি, আমাকে অন্য কোথাও নেওয়ার দরকার নেই। এটা জিএম কাদের আমাকে বলেছেন।”

৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে।

রোববার রাতে জিএম কাদের বলেছিলেন, এরশাদের ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

এরপর সোমবার সকালে জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাইয়ের ফুসফুসের সংক্রমণ কিডনিতেও ছড়িয়েছে। এই মুহূর্তে তাকে দেশের বাইরে নেওয়ার মত পরিস্থিতি নেই।

পুরনো খবর:

আধো ঘুমে এরশাদ, বিদেশে নেওয়ার ‘পরিস্থিতি নেই’
এরশাদের অবস্থা ‘অপরিবর্তিত’, দেখে এলেন ওবায়দুল কাদের