আমি বিয়ে করি নাই: ছাত্রলীগ নেতা অনীক
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আসিফ ইকবাল অনীক বলেছেন, তিনি বিয়ে করেননি, বিক্ষুব্ধদের আন্দোলনে যোগ না দেওয়ায় তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কথা বলেন অনীক। পটুয়াখালীর গলাচিপার ছেলে অনীক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই কমিটি ‘বিতর্কিতমুক্ত’ করার দাবিতে আন্দোলনে নামেন ছাত্রলীগের একাংশ। এদের মধ্যে কেউ পদবঞ্চিত আবার কেউ পদ পেয়েও সন্তুষ্ট নন। এই বিক্ষুব্ধ অংশটি গত ১৭ মে কমিটিতে পদ পাওয়া ৯৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আসে। অনীকের বিরুদ্ধে বিবাহিতের অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে অনীক বলেন, “আমি ছাত্রলীগের বিগত দুই কেন্দ্রীয় কমিটিতে পদপ্রাপ্ত ছিলাম। সেই বিবেচনায় এবার আমাকে যে পদ দেওয়া হয় তাতে আমি অসন্তুষ্ট হব ভেবে পদবঞ্চিতরা আমাকে তাদের আন্দোলনে শামিল হতে এবং এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে বলেছে। কিন্তু আমি তাদের আহ্বানে সাড়া না দেওয়ায় আমার বিরুদ্ধে বিবাহিতের অভিযোগ নিয়ে আসা হয়।”
তিনি বলেন, “ছাত্রলীগের বিগত দুই কমিটির পদ বিবেচনায় এটা সত্য যে, আমি এর চেয়েও ভালো পদে আসীন হব এমন আশা করেছিলাম। কিন্তু ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি এটাতেই সন্তুষ্ট এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
বিক্ষুব্ধদের মধ্যে বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন তাকে বিভিন্ন সময় আন্দোলনে একাত্মতা ঘোষণা করার প্রস্তাব দেন বলে দাবি করেন অনীক।
অনীক ছাত্রলীগের গত কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ-সম্পাদক ছিলেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে যখন বিক্ষুব্ধরা বিবাহিতের অভিযোগ আনার পর গত ১৬ মে তেজগাঁও থানায় এই বিষয়ে একটি জিডি করেছেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে ‘ভুল’ তথ্য উপস্থাপন করা হয়েছে দাবি করে এই ছাত্রলীগ নেতা বলেন, “পদবঞ্চিতদের তথ্য অনুযায়ী অনেক জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে কোনো রকম প্রমাণ ছাড়াই আমাকে বিবাহিত বলে অসত্য সংবাদ প্রকাশিত হচ্ছে। এতে আমি সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
তাকে আন্দোলনে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন ছাত্রলীগের বিক্ষুব্ধদের অন্যতম সংগঠক রাকিব হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা এক ধরনের হাস্যকর অভিযোগ। আমরা যে বিতর্কিতদের তালিকা প্রকাশ করেছি তার মধ্যে প্রায় ৫০ জনের বিরুদ্ধে প্রমাণ আছে।
“আমরা সেগুলো নানক ভাইয়ের কাছে দিয়েছিলাম। সে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে ওখান থেকে হবে। আমাদের কোনো আপত্তি নেই।”
