২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত বাদ দিয়ে আন্দোলন কেন: বিএনপিকে হানিফ

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলনের হুমকিতে ‘লাভ হবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 12:42 AM

Updated : 08 Apr 2022, 04:02 PM

তিনি বলেছেন, “দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তি দিতে পারে আদালত; এছাড়া কোনো সুযোগ নেই। আপনারা আইনি প্রক্রিয়া বাদ দিয়ে আন্দোলন করেন কেন?”

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপল‌ক্ষে বুধবার ঢাকার আজিমপুর ক‌মিউ‌নি‌টি সেন্টা‌র মা‌ঠে আয়োজিত  বঙ্গবন্ধু উৎসবের আলোচনা সভায় বিএনপির উদ্দেশে এ প্রশ্ন ছোড়েন তিনি।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুক্তির দাবি জানিয়ে আসছেন দলটির নেতারা, নইলে আন্দোলনের হুমকিও দিচ্ছেন তারা।

ক্ষমতাসীন দলের নেতা হানিফ বলেন, “আন্দোলনের হুমকি দিয়ে লাভ আছে কি? আপনাদের আন্দোলনে জনগণের সমর্থন নেই তার প্রমাণ বহুবার পেয়েছেন। জনগণ সমর্থন দেয়নি বলে পেট্রোল বোমা দিয়ে মানুষকে মেরেছেন আজকে এই সমস্ত পাপের কারণে আপনাদের নেতারা জেলে এবং পলাতক।“

নি‌জে‌দের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপি নেতারা গণমাধ্যমের সাম‌নে নানা  ‘ডায়লগ’ দিচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, “দেশের মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখছে, আস্থার জায়গা খুঁজে পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তাই সেই জায়গাকে নষ্ট করবেন না।”

২৬ নং ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাছে মুজিব কোট বিতরণ করেন হানিফ।