ঐক্যফ্রন্টের শরিকদের দলীয় দৃষ্টিভঙ্গি ছাড়তে বললেন কামাল
‘ঐক্যবদ্ধ আন্দোলনের’ মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের সব দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন কামাল হোসেন।
ওই সভায় উপস্থিতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আ স ম আব্দুর রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও তার সঙ্গে একমত জানিয়ে এ লক্ষ্যে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান রেখেছেন।
স্বাধীনতার দিবস উপলক্ষে রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই অবস্থান জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
কামাল হোসেন বলেন, “আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? কী ধরনের বাংলাদেশ থাকবে-এটা সংবিধানে লেখা আছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হবেন- এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে?
“আমি স্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছিলাম- এগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল ছিল। আজকেও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্য অর্জন করব।”
খালেদা জিয়াসহ কারাবন্দি রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবির সঙ্গে সহমত জানিয়ে গণফোরাম সভাপতি কামাল বলেন, “আজকে সবাই বলেছেন, যাদের অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করা হোক। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। অর্থাৎ সেই লক্ষ্যকে আমাদের অর্জন করতে হলে আমাদের ঐক্যকে সুসংহত করতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা দেখুন আমরা সব অসম্ভবকে সম্ভব করেছি। স্বাধীনতা যুদ্ধ দেখেন আমরা বিজয়ী হয়েছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি এবং ২০০৮ সালে আমরা যেভাবে অগ্রসর হতে পেরেছি সব কিছু ঐক্যের ফসল।
খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
‘সরকারের ঘুম নেই’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যারা আজকে বাকশালের কথা নতুন করে ভাবছেন, যারা নতুন করে মানুষের অধিকার কেড়ে নিয়েছেন গত ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, যারা আজকে বাংলাদেশকে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার সমস্ত আয়োজন সমাপ্ত করেছেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়। ভয় পায় এজন্য যে, তিনি যদি বাইরে বেরিয়ে আসেন বা বাইরে থাকেন তাহলে জনগণকে আর কখনই আটকে রাখা যাবে না, প্রতিরোধ বন্ধ করা যাবে না।
“সরকারের লোকজনের ঘুম নেই। আজকে তাদের এত দুশ্চিন্তা বিএনপিকে নিয়ে যে, বিএনপি নিয়েই সব সময় কথা বলছেন। কেন বিএনপি যদি আপনাদের সামনে কোনো প্রতিপক্ষই না-ই হয় তাহলে বিএনপিকে নিয়ে এত কথা বলছেন কেনো?”
খালেদা জিয়াকে কারাগারে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “তিনি (খালেদা জিয়া) খু্বই অসুস্থ। আজকে কিছুক্ষণ আগে আমি পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) খবর নিয়েছি, তার জন্য যে মেডিকেল বোর্ড করা হয়েছে সেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, অবিলম্বে দেশনেত্রীকে হাসপাতালে স্থানান্তর করা দরকার। তার চিকিৎসাটা অত্যন্ত বেশি প্রয়োজন হয়ে গেছে।
“সেই নেত্রীকে আটক করে রাখা হয়েছে। তাকে তার পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত দেখা করতে দেওয়া হচ্ছে না। তার সুচিকিৎসা না করে তার যে প্রাপ্য আইনগত অধিকার যে জামিন তা না দিয়ে আজকে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”
জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় আছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, সত্যিকার অর্থে আজকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার পুনরুদ্ধার করার জন্য এই ফ্রন্ট গঠন করেছি। আজকে সরকার চেষ্টা করছে এই ঐক্যকে ভেঙে ফেলার জন্য। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
“আমরা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই। এখানে আমরা অন্য কোনো ব্যবস্থা মেনে নেব না। সেজন্য আসুন দলমত নির্বিশেষে আমরা জনতার ঐক্য গড়ে তুলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করব।”
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, “বাংলাদেশের মানুষের প্রতি এই সরকারের কোনো মায়া-মমতা নেই, তাদের দায়বদ্ধতা নেই। এরা দায়িত্বহীন। বাকশালের কথা বলছেন-এটা তো দলীয় শাসন। বেগম হাসিনা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আওয়ামী লীগ নামে কোনো দল ছিলো না এখানে। বঙ্গবন্ধু মারা গেছেন বাকশাল করার কারণে।
“আওয়ামী লীগ বাকশাল কইরা জনগণ থেকে শেখ মুজিবকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আর শেখ হাসিনা ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি করে আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।”
খালেদা জিয়ার মুক্তি নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “আমি বলতে চাই, আন্দোলনের কোনো বিকল্প নেই। যদি মনের মধ্যে কোনো দ্বিধা থাকে, কারো যদি নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে হিসাব থাকে করে ফেলেন। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যদি থাকে সেটা মিটিয়ে নেন। ঐক্যফ্রন্ট নিয়ে যদি প্রশ্ন থাকে সেটারও নিষ্পত্তি করেন।
“কিন্তু আমাদের এক হয়ে নামতে হবে রাস্তায়। এজন্য ড. কামাল হোসেন আছেন, এই নেতারা আছেন। সবাইকে সাক্ষী রেখে আমি বলি, আমাদের কারোরই ঐক্যফ্রন্ট ছেড়ে যাওয়ার শক্তি নেই্, ঐক্যফ্রন্ট রাখতে হবে, একে শক্তিশালী করতে হবে। ঐক্যফ্রন্টকে নিয়েই রাস্তা কাঁপাতে হবে এবং শাসকের ভিত নাড়িয়ে দিতে হবে- এটাই লড়াই। এই লড়াইয়ের জন্য আমাদের শপথ নিতে হবে, যে রকম শপথ আমরা মুক্তিযুদ্ধের সময়ে নিয়েছিলাম।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির আবদুল মঈন খান, আহসানুল্লাহ হাসান, নবী উল্লাহ নবী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, রেজা কিবিরয়া, কাজী হাবিব, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন, শাহ আহমেদ বাদল, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী, গণদলের গোলাম মাওলা চৌধুরী বক্তব্য রাখেন।
আলোচনা সভায় গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
