২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ড: দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চান এরশাদ

রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কর্তাব্যক্তিদের অবহেলার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 06:09 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে শনিবার দুপুরে এক বিবৃতিতে এই দাবি তোলেন তিনি।

শনিবার সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগে দেড় শতাধিক দোকান পুড়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়।

গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় এরশাদ বলেন, “২০১৭ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে গুলশান-১ ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা সর্বস্ব হারান। কোনো সহায়তা ছাড়াই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারো ঋণ করে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু শনিবার ভোর রাতের আগুনে ঐ ব্যবসায়ীরা আবারো মারাত্মক ক্ষতির শিকার হল।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে তিনি সরকারের প্রতি আবেদন জানান।

পাশাপাশি রাজধানীর আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান তিনি।

গুলশান ও বনানীর ঘটনায় সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক তদন্ত দল গঠন করা হয়েছে।

এরশাদ বলেন, “তদন্তে দায়ী অথবা কর্তব্যে অবহেলার প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে হবে।”