২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু নেই এদেশে, কিচ্ছু নেই আর: ফখরুল

রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার বদলে আওয়ামী লীগ এখন ‘প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 05:31 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

তিনি বলেছেন, “বিশ্বে বহু সরকার আছে যাদেরকে সোজা কথায় বলা হয় পাপেট গভমেন্ট, পুতুল সরকার। আজকে এই সরকারও কিন্তু পুতুল সরকারের ভূমিকা পালন করছে।” 

আর এর ফলে দেশের ‘সব শেষ হয়ে গেছে’ মন্তব্য করে পরিস্থিতির উত্তরণে দেশের তরুণ সমাজকে ‘জাগিয়ে তোলার’ তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব।

শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “কিছু নেই এদেশে, কিচ্ছু নেই এখন আর। এখন সম্পূর্ণভাবে মিথ্যার উপরে, প্রতারণার উপরে, রাষ্ট্রের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে এরা তার উপরে রাজত্ব করছে।”

আওয়ামী লীগ আার রাজনৈতিক ভূমিকায় নেই- এমন মন্তব্য করে ফখরুল বলেন, “আপনারা দেখুন, রাজনৈতিক দল হিসেবে এই রাষ্ট্র আওয়ামী লীগের পরিচালনা করার কথা, কিন্তু আওয়ামী লীগ কি এই রাষ্ট্র পরিচালনা করছে? তারা করছে না।”

“নির্বাচন দেখেছেন- কারা করেছে? কি করেছে? আমরা সবাই জানি। আজকে প্রশাসনকে দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।”

বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মচারী আর সব বাহিনীর বেতন বাড়ানো হলেও দেশের জনগণে আয় বাড়ছে না। বরং কর বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম বাড়ছে প্রতিবছর।

“এরা টিকে আছে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করে, এরা টিকে আছে মানুষের পকেট খালি করে নিজেদের পকেট ভর্তি করবার জন্যে। আজকে যে মেগা প্রজেক্ট- এর অর্থ কোত্থেকে আসছে? জনগণের পকেট থেকে।”

বর্তমান সরকার ‘জনগণের সরকার নয়’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “এরা কোনো নির্বাচিত সরকার নয়। এই সরকার শুধুমাত্র তাদের প্রভুদের হুকুম তামিল করার জন্য একের পর এক নির্বাচনের প্রহসন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।”

এই অবস্থার থেকে উত্তরণে নবীনদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আমরা আজকে প্রবীন-বৃদ্ধ-বয়স্ক। আমাদের সকলের বয়স প্রায় ৭০ তো পার হয়ে গেছে। আমাদের আজকে দায়িত্ব হচ্ছে, এই যুবকদের মধ্যে, এই তরুণদের মধ্যে দেশপ্রেমকে ছড়িয়ে দেওয়া। সেজন্য আমাদের পথে পথে যেতে হবে, প্রান্তরে যেতে হবে, গ্রামে যেতে হবে।”

বাকশাল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “আজকে বলা হচ্ছে বাকশাল নাকি ভালো একটা উদ্যোগ ছিল। তারা (আওয়ামী লীগ) সব বিষয়গুলো পেছনে রাখার জন্য, অন্ধকারে রাখার জন্য, তাদের সব দুর্নীতি, কু-কর্ম-অপকর্ম আড়াল করবার জন্য আবার একদলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছে।

“আমরা স্পষ্ট করে বলতে চাই, অনেক পানি গড়িয়ে গেছে। ১৯৭৫ সাল আর ২০১৯ সাল এক নয় বা ২০২০ সাল এক নয়। একদলীয় শাসনব্যবস্থা করে এখানে রাজত্ব চিরস্থায়ী করার যে স্বপ্ন দেখছেন, এদেশের জনগণ কোনোদিনই সেই অবস্থা মেনে নেবে না।”

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিনিধি সভা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের শাহ আবু জাফর, আজিজুল হক লেবু কাজী, আবদুল হালিম মিয়া, মকসুদ আলী মঙ্গোলিয়া, খন্দকার সাজেদুর রহমান বাবুল বক্তব্য দেন।