সরকার আইয়ুব-ইয়াহিয়াকে হার মানিয়ে দিচ্ছে: কামাল হোসেন
স্বাধীনতা দিবসের আলোচনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দখলদার পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান ও ইয়াহিয়ার চেয়ে খারাপ বললেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।
তিনি বলছেন, দেশে যেসব জিনিসকে বলা হচ্ছে উন্নয়ন সেটা ‘ঋণের বোঝা ছাড়া আর কিছু না’। আর এর মধ্য দিয়ে সরকার জনগণের সঙ্গে ‘প্রতারণা করছে’।
“এই ১৬ কোটি মানুষের সঙ্গে যে বেঈমানি করা হচ্ছে, যেভাবে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে-এটা আমি বলব যে, আইয়ুব-ইয়াহিয়াকে হার মানিয়ে দিচ্ছে।”
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় এই বক্তব্য দেন গণফোরাম সভাপতি কামাল।
তিনি বলেন, “যখনই তথ্যগুলো দেওয়া হয়, অসাধারণ উন্নতি, আমার মনে পড়ে পাকিস্তান আমলে আইয়ুব খান ও ইয়াহিয়া খানের সময়ে এসব উন্নয়নের বক্তৃতা শুনে বঙ্গবন্ধু ধিক্কার দিয়েছিল- কিসের উন্নতির কথা তারা বলছে! আমাদের দেশকে তো শেষ করে দিচ্ছে। আইয়ুব খান অহঙ্কারের সাথে বলত, আমি চার দিকে উন্নয়ন করে দিচ্ছি। উন্নয়ন শব্দটা আমাদের কাছে, বঙ্গবন্ধুর কাছে ওই সময়ে ঘৃণিত শব্দ হয়েছিল। উন্নয়ন শব্দটা কী ধরনের ঘৃণার শব্দ হয় যখন স্বৈরাচার এটাকে ব্যবহার করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য?
প্রকল্পের নামে ঋণের বোঝা চাপিয়ে সরকার দেশের অর্থনীতিকে ‘দেউলিয়া’ করে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “সরকারের যে প্রচার হচ্ছে, দেশে অসাধারণ উন্নতি হচ্ছে। আমরা অমুক সনে এই হব, তমুক সনে ওই হবে। আমাদের যারা অর্থনীতিবিদ আছেন, যারা পরিসংখ্যানগুলো মিলিয়ে পর্যালোচনা করতে পারেন তারা স্পষ্ট করে বলছেন যে, আমাদের অর্থনীতিকে দেউলিয়ার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কথাটা কাটেন। কীভাবে ঋণ নিতে হচ্ছে, এক টাকার জিনিস চার টাকায়, একশ টাকার জিনিস চারশ টাকায় করে যেসব প্রকল্পগুলো হয়েছে। কী মূল্যে কী ঋণে হয়েছে?
“...আজকে উন্নয়নের মূল্যটা কীভাবে করা হচ্ছে? প্রথমত যদি হত আমাদের ওপর ঋণের বোঝা চাপানো হবে না, ঋণের বোঝা বাড়তে থাকবে না তাহলে ঠিক ছিল। কিন্তু তারা যে প্রকল্পের ঋণ নিচ্ছে আমি বলতে পারি তাদের কাছ থেকে এসব তথ্য পাবেন না।”
এখনই সরকার পতনের আন্দোলনের পক্ষে অবস্থান জানিয়ে কামাল হোসেন বলেন, “আমি বলছি যে, বেশি দিন নিয়ে আন্দোলন হলে ঋণের বোঝা বাড়তে বাড়তে সারা অর্থনীতিকে চুরমার করে দেবে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। সুতরাং আন্দোলন ধীরস্থিরভাবে করা চলবে না। সরকার পরিবর্তন এখনই চাই।”
একাদশ সংসদকে ‘কাল্পনিক’ সংসদ আখ্যায়িত করে তিনি বলেন, “৩০ ডিসেম্বর নির্বাচন ছিল না, এটা একটা কাল্পনিক নির্বাচন ছিল। এখন তথাকথিত সংসদ শুনা যায়। অনেকে সংসদ সংসদ বলেছেন। আমি তো কোনো পার্লামেন্ট আমার চোখের সামনে দেখি না। সংসদ বললেই সংসদ হয় না, নির্বাচিত বললেই নির্বাচিত হয় না।
“আমি ওদের বলি, ঠিক আছে সংসদ আছে, সাংসদ হয়েছেন। ধরে নিলাম, নির্বাচন না করে সাংসদ বলতে আপনারা লজ্জাবোধ করেন না। তাহলে আপনাদের কোনো কাজ আছে কি না? আপনারা কোথায় জানতে চেয়েছেন আয়-ব্যয়ের হিসাব, কোথায় জানতে চেয়েছেন প্রকল্পের হিসাব, কত ঋণের করা হচ্ছে?”
এই বছরের মধ্যে নির্বাচন দাবি করে কামাল হোসেন বলেন, “দেশের মানুষের আস্থা এই সরকারের ওপর বিন্দু মাত্র নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে মিথ্যুক প্রমাণিত করতে চাইলে নির্বাচন দিন, অবাধ নিরপেক্ষ নির্বাচন দিন। নির্বাচন কমিশন আমাদের কাছে নিরপেক্ষ হতে হবে।”
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এই আলোচনা সভা হয়।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকার পরিচালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী খোকা বক্তব্য রাখেন।
